
তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনে একটি অভিযোগ দায়ের করেছেন। তাঁর বাড়ির বাইরে একটি অস্থায়ী কাঠামো বুলডোজার দিয়ে ভেঙে ফেলার পরেই তিনি এই পদক্ষেপ নেন। অভিযোগে অভিষেক দাবি করেছেন, তৃণমূলের প্রতীক বিতর্কের মামলায় হস্তক্ষেপ করার জন্যই তাঁকে এভাবে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। তিনি কমিশনের কাছে আর্জি জানিয়েছেন, প্রতীক মামলা সংক্রান্ত সব নথি যেন সুরক্ষিত রাখা হয়, সেই বিষয়ে কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দেওয়া হোক।
সাংসদ অভিযোগ করেছেন যে, ৬ ও ৭ নভেম্বরের মাঝের রাতে "একদল লোক তাঁর বাসভবন তথা অফিসে হামলা চালায়"। এরপর ১০ ও ১১ নভেম্বরও "একইভাবে নজরদারি ও রেইকি করা হয়"। তাঁর মতে, এই ঘটনাগুলো প্রমাণ করে যে তাঁর বাড়ি ও অফিসকে টার্গেট করে একটি "উদ্বেগজনক কাজকর্মের ছক" কষা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে এই উচ্ছেদ অভিযান প্রসঙ্গে তিনি বলেন, "১২ নভেম্বর ২০২৬-এর ভোরে সরকারি আধিকারিকরা ওই জায়গায় আসেন এবং পুলিশের তৈরি করা নিরাপত্তা গেটটি ভেঙে ফেলেন। আগের দিনের হামলা এবং বারবার নজরদারির পর এই ঘটনা আমার মক্কেলের (অভিষেক বন্দ্যোপাধ্যায়) নিরাপত্তা ও কমিশনের কাছে থাকা নথিপত্রের সুরক্ষা নিয়ে আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।"
অভিষেকের আরও অভিযোগ করেন যে, "এমন আশঙ্কা করার যথেষ্ট কারণ রয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত ব্যক্তিরা, কিছু পুলিশ কর্মীর মদতে বা সাহায্যে, আবারও ওই জায়গায় ঢোকার বা হামলা করার চেষ্টা করতে পারে। তাদের মূল উদ্দেশ্য হতে পারে কমিশনে জমা দেওয়ার জন্য তৈরি করা নথি, হলফনামা ও অন্যান্য প্রমাণ জোর করে ছিনিয়ে নেওয়া।"
সকালে কলকাতা পুরসভার আধিকারিকরা বুলডোজার নিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদকের কালীঘাটের বাড়ির কাছে আসেন এবং সাংসদের বাড়ির সামনের বাঁশের কাঠামোটি সরিয়ে দেন।
কাঠামোটি ফুটপাথের উপর ছিল এবং পুর আধিকারিকরা জানান, এর ফলে ফুটপাথ ব্যবহারকারী স্থানীয়দের অসুবিধা হচ্ছিল। বুলডোজার চালানোর আগে অভিষেকের বাড়ির সামনে প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। সাংসদের ৩৯তম জন্মদিনের রাতে তাঁর বাড়ির বাইরে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের কয়েকদিন পরই এই পদক্ষেপ নেওয়া হলো।
বুলডোজার চালানোর ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এক্সে (X) অভিষেক লেখেন, "কোনও বুলডোজারই আমার কণ্ঠরোধ করতে বা আমার সংকল্প ভাঙতে পারবে না। বাংলা বিরোধীদের বিরুদ্ধে আমার লড়াই চলবে। শেষ নিশ্বাস পর্যন্ত আমি পিছপা হব না বা এক ইঞ্চিও জমি ছাড়ব না।"