
Congress Candidate List:একেবারে একধাক্কায় একঝাঁক বদল। মালদা-মুর্শিদাবাদের বাইরে অস্তিত্ব বাঁচানোর লড়াই লড়তে নামা কংগ্রেস একঝাঁক প্রার্থী বদল করে ফেলল। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ঘোষিত প্রার্থী তালিকায় যে আটটি নাম জানানো হল, তার মধ্যে সাতটিতেই প্রার্থী বদল। আর হাবড়া আসনে ঘোষণা করা হল প্রার্থীর নাম। কংগ্রেসের সংগঠনের ছন্নছাড়া দিক আরও একবার সামনে এল। বেশ কয়েক বছর বাদে কংগ্রেস রাজ্যে কারও সঙ্গে একাই সব কটি আসনে লড়ছে। আর এই একলা চলো রে লড়াইয়ে প্রার্থী ঠিক করতে হিমশিম খেল কংগ্রেস। বাম, আইএসএফ সঙ্গ ছেড়ে রাজ্যে প্রার্থী বদল করে চলেছে হাত শিবির।
যে সাতটি আসনে কংগ্রেস প্রার্থী বদল করল তার মধ্যে পূর্ব বর্ধমানের তিনটি, নদিয়ার দুটি, দুই ২৪ পরগণার দুটি আসন রয়েছে। হাবড়ায় তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা বিদায়ী বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে প্রণব ভট্টাটার্য-কে দাঁড় করাল কংগ্রেস। নদিয়ার দুই আসন নাকাশিপাড়া ও চাপড়ায় প্রার্থী বদল করে দাঁড় করানো হল যথাক্রমে তাহির সেখ ও আসিফ খান-কে। দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজারে প্রার্থী পরিবর্তন করা দাঁড় করা হয়েছে চাঁদ সর্দার-কে। উত্তর ২৪ পরগণার মিঁনাখায় কংগ্রেসের নতুন প্রার্থী সুনয়না বিশ্বাস। বর্ধমানের রায়না, কেতুগ্রাম ও আউশগ্রামে প্রার্থী বদলে দাঁড় করানো হল যথাক্রমে পম্পা মালিক, আবু বক্কর ও তাপস বরাল-কে।
কংগ্রেসের প্রার্থী বদল
চাপড়ায় রাহিদুল মণ্ডলের পরিবর্তে আসিফ খানকে টিকিট দিল কংগ্রেস। রাহিদুলের পরিবর্তে আসিফ-কে প্রার্থী করার দাবি তুলে প্রদেশ কংগ্রেস দফতরে বড় বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয় কর্মী-সমর্থকরা। নদিয়ার এই আসনে জয়ের আশা করছে কংগ্রেস। ২০২৪ লোকসভা ভোটে কৃষ্ণনগর কেন্দ্রে অধীনে থাকা এই বিধানসভা আসনে ভাল ভোট পেয়েছিল হাত শিবির। অন্যদিকে, নাকাশিপাড়ায় প্রার্থী বদল করে তাহির শেখের নাম ঘোষণা করেল কংগ্রেস। এর আগে এই আসনে গোলাম কিবিরা মণ্ডলের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল হাত শিবির। এই আসনে তৃণমূলের প্রার্থী পাঁচবারের বিধায়ক কল্লোল খাঁ। বিজেপি ও সিপিএমের হয়ে এখানে লড়বেন যথাক্রমে শান্তনু দে ও শুক্লা সাহা।