
দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে তিনদিনব্যাপী বিশেষ কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তিনি। বাংলায় বিজেপি সরকার গঠনের পর এবারই প্রথম রাজ্যে বিশেষ মাত্রায় পালিত হচ্ছে যোগ দিবস।
প্রথম দিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয়েছে ম্যারাথনের। কলকাতায় ১১টি এলাকায় এই দৌড় হবে। মূল কর্মসূচি শুরু হবে কলকাতা কর্পোরেশনের সামনে থেকে, শেষ হবে রাইটার্স বিল্ডিংয়ে। সকাল সাড়ে ছ'টায় সমবেত হয়ে সাতটায় কার্যক্রম শুরু হবে। অংশগ্রহণকারীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
দ্বিতীয় দিনটি একইসঙ্গে পশ্চিমবঙ্গ দিবস। সেদিন বিকেল সাড়ে পাঁচটায় গঙ্গাবক্ষে আয়োজিত হবে অভিনব কর্মসূচি 'বন্দে যোগম'। আধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি হবে এক অসাধারণ পরিবেশ। কলকাতার আকাশে একসঙ্গে উড়বে ৩ হাজার ড্রোন।
মূল যোগ দিবসে রেড রোডে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ৬টা ১৫ মিনিটে জমায়েত শুরু হবে এবং আধ ঘণ্টা পর মূল কর্মসূচি শুরু হবে। রাজ্যজুড়ে একযোগে পালিত হবে যোগ দিবস।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শহর পরিষ্কার রাখার বিশেষ আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তাঁর কথায়, "স্বচ্ছ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ঐতিহাসিক কলকাতায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে চাই। তাই সকলে নিজের এলাকা পরিষ্কার রাখুন।" এই প্রথম যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন। রেডরোডে যান চলচাল বন্ধ করেই যোগ দিবসের অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়েছে।