Kolkata Metro: ছুটির দিনে ফের বন্ধ থাকছে কলকাতা মেট্রো পরিষেবা। রবিবার যারা মেট্রো করে আউটিংয়ের প্ল্যান করছেন তাদের জন্য রয়েছে বড় খবর। আপাতত ডিসেম্বর মাস পর্যন্ত প্রায় প্রতিটি রবিবরাই মেট্রো ব্লকেজ থাকবে বলে জানা গিয়েছে।
রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা মেট্রোর ব্লু লাইনে একাধিক রবিবার ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। এর জেরে আজ ১৫ নভেম্বর, ২২ নভেম্বর, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর, রবিবার দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবায় পরিবর্তন করা হচ্ছে। একইভাবে ১৩ ডিসেম্বরও শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে নির্দিষ্ট সময়ের জন্য। শুক্রবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
26
কত পর্যন্ত চলবে মেট্রো?
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ নভেম্বর, ২২ নভেম্বর, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলবে না। তবে ওই সময় দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে।
36
ব্লু লাইনে বন্ধ মেট্রো পরিষেবা
এই চার দিন দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। একই সময়ে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোও পাওয়া যাবে। শেষ মেট্রো চলবে শহিদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বর স্টেশন থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী। সন্ধ্যা ৬টার পর গোটা ব্লু লাইনে ফের মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা। তবে সময়টি আপাতত সম্ভাব্য বলে জানানো হয়েছে।
অন্যদিকে, ১৩ ডিসেম্বর রবিবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অংশে কোনও মেট্রো চলবে না। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে।
56
কখন থেকে স্বাভাবিক হবে পরিষেবা?
১৩ ডিসেম্বর দক্ষিণেশ্বর থেকে ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। অন্যদিকে, ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে। শেষ মেট্রো শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর স্টেশন থেকে স্বাভাবিক সময়সূচি মেনেই চলবে। সন্ধ্যা ৬টার পর গোটা ব্লু লাইনে পরিষেবা পুনরায় চালু হওয়ার কথা।
66
কোন কোন রুটে পরিষেবা স্বাভাবিক থাকবে
তবে এই দিনগুলিতে ইয়েলো লাইন ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। অন্যদিকে, রবিবার হওয়ায় পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা থাকবে না। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তাই ওই রবিবারগুলিতে যাতায়াতের পরিকল্পনা করার আগে মেট্রোর সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।