Orange line Metro: নভেম্বরেই নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হতে পারে। ২১ নভেম্বর উদ্বোধনের জন্য ফের কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জানা গেল সূত্রের খবরে।
চলতি মাসেই আবার রাজ্যে পা রাখছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, আগামী ২১ নভেম্বর, শনিবার তাঁর একদিনের কলকাতা সফর। এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। তবে চূড়ান্ত কর্মসূচি এখনও ঘোষণা করা হয়নি।
28
সকাল ৯.৫০-এ কলকাতা বিমানবন্দরে অবতরণ
সূত্রের খবর অনুযায়ী, ওই দিন সকাল ৯.৫০ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন মোদি। সেখান থেকে তিনি যাবেন সরকারি অনুষ্ঠানে। একদিনের এই সফরে কর্মসূচি ঠাসা থাকবে বলেই অনুমান।
38
মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত থাকার কথা রাজ্যসভার সাংসদ ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যেরও। রাজ্যে ক্ষমতা বদলের পর কেন্দ্র ও রাজ্য সরকারের এই যৌথ উপস্থিতিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।
প্রধানমন্ত্রীর হাত ধরে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশ। সূত্রের খবর, সব ঠিক থাকলে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হতে পারে চলতি মাসেই।
58
চিংড়িঘাটার জমিজট কাটিয়ে দ্রুত কাজ
অরেঞ্জ লাইনে সেক্টর ফাইভ পর্যন্ত সম্প্রসারণের কাজ আটকে ছিল চিংড়িঘাটার কাছে জমিজটের কারণে। রাজ্যে পালাবদলের পর শুভেন্দু অধিকারীর সরকার দ্রুত সেই সমস্যার সমাধান করে বলে খবর। তার পরই এগিয়েছে কাজ। সেই সম্প্রসারিত পথেরই উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী, এমনকি নিজেও মেট্রোয় চড়তে পারেন বলে সূত্রের দাবি।
68
অফিসযাত্রীদের স্বস্তি, দক্ষিণ কলকাতা থেকে সেক্টর ফাইভ সহজ
এই লাইন চালু হলে দক্ষিণ কলকাতার শহরতলি থেকে সেক্টর ফাইভের অফিসপাড়ায় যাতায়াত অনেক সহজ হবে। রোজকার যানজট ও সময়ের ঝক্কি কমার আশা অফিসযাত্রীদের। ফলে মেট্রো উদ্বোধনের এই সম্ভাবনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ রয়েছে।
78
রুদ্ধদ্বার বৈঠকের সম্ভাবনা, তবে তা চূড়ান্ত নয়
সূত্রের আরও খবর, এই সফরে মোদি দলের নেতাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে বসতে পারেন। নতুন সরকার ও শাসকদলের শীর্ষস্তরের নেতাদের সঙ্গে একান্ত আলোচনায় তিনি প্রয়োজনীয় পরামর্শও দিতে পারেন। তবে এই বৈঠক এখনও চূড়ান্ত নয়। রাজ্য বিজেপির তরফে পরে প্রধানমন্ত্রীর চূড়ান্ত কর্মসূচি জানানো হবে।
88
পাঁচ মাস পর বাংলায়, পালাবদলের পর দ্বিতীয় সফর
গত ৪ মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। এর আগে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের দিন তিনি নিজে উপস্থিত ছিলেন। ধুতি-পাঞ্জাবিতে হাজির হয়ে বাংলার মানুষকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছিলেন। পাঁচ মাস পর ফের বাংলায় আসছেন তিনি, আর এবারের সফরের মূল আকর্ষণ সম্ভবত মেট্রো উদ্বোধনই।