
কলকাতার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। কলকাতা পুলিশে নতুন র্যাফ (RAF) ব্যাটালিয়ন তৈরির অনুমোদন দিল নবান্ন। ইতিমধ্যেই রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন এই বাহিনীর জন্য মোট ৭৯০টি পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ৫০০ জন কনস্টেবল নিয়োগ করা হতে পারে।
নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ব্যাটালিয়নে কনস্টেবল ছাড়াও একাধিক পদমর্যাদার পুলিশ আধিকারিক থাকবেন। ইনস্পেক্টর, সাব-ইনস্পেক্টর, এসপি এবং ডিসিপি পদমর্যাদার আধিকারিকদের নিয়ে সাজানো হবে এই বাহিনী। কলকাতা পুলিশের বর্তমান র্যাফের তুলনায় আরও উন্নত পরিকাঠামো ও দক্ষতা নিয়ে কাজ করবে নতুন ব্যাটালিয়ন।
মূলত শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই হবে এই বাহিনীর প্রধান দায়িত্ব। কোথাও অশান্তি বা আইনশৃঙ্খলার অবনতি হলে দ্রুত পরিস্থিতি সামাল দিতে নামানো হবে তাদের। পাশাপাশি বড় উৎসব, জনসমাগম এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বও পালন করবে নতুন ব্যাটালিয়ন।
সম্প্রতি দুর্গাপুজোর সময় চোরবাগানের একটি ক্লাবে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই আবহে কলকাতা পুলিশের হাতে আরও একটি বিশেষ বাহিনী তুলে দেওয়ার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই পুলিশের দক্ষতা ও পরিকাঠামো উন্নয়নের কথা বলে আসছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, একসময় কলকাতা পুলিশ আন্তর্জাতিক মানের বাহিনী হিসেবে পরিচিত ছিল। কিন্তু বিগত সরকারের আমলে পুলিশের দক্ষতাকে যথাযথভাবে কাজে লাগানো হয়নি। কলকাতা পুলিশকে দেশের অন্যতম দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার পাশাপাশি আধুনিক সরঞ্জাম সরবরাহের কথাও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, বিধানসভা ভোট মিটলেও কলকাতায় এখনও ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। শহরের বিভিন্ন ডিভিশনে ছড়িয়ে রয়েছে সেই বাহিনী। কলকাতা পুলিশের র্যাফের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় নতুন ব্যাটালিয়ন তৈরির সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
সিআরপিএফের র্যাফের ধাঁচে এই বাহিনীকে তৈরি করা হতে পারে। তবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি বিক্ষোভ ও আন্দোলন মোকাবিলাতেও এই বাহিনীকে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা বিরোধীদের।