ইন্টিরিয়র ডিজাইনারের কাছ থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ, বরাহনগরে তৃণমূল নেতার তোলাবাজি

Published : Feb 17, 2026, 11:43 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Barahnagar: চাহিদা মতো পাওনা গণ্ডা না পাওয়ায় ইন্টিরিয়র ডিজাইনাইনারকে ফ্ল্যাট থেকে বের করে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Barahnagar: এ যেন আবারও জয়ন্ত সিং-এর ছায়া বরানগরে। যুবককে ফ্ল্যাট থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধোর করে, ২ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠল। উত্তর কলকাতার বরানগর থানার দেশবন্ধু রোড (পূর্ব) এলাকায় এক যুবককে ফ্ল্যাট থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে মারধর ও চাঁদা দাবির অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঠিক কী অভিযোগ উঠেছে? 

 অভিযোগকারী সুদীপ্ত ঘোষের দাবি,  সোমবার রাত প্রায় ৮টা ১৫ মিনিট নাগাদ তিনি নিজের ফ্ল্যাটে ছিলেন। সেই সময় অর্পণ দত্ত, গোপা , বগা সহ বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার ফ্ল্যাটে ঢুকে ভাঙচুর চালায় এবং তাঁকে বেধড়ক মারধর করে।  এরপর জোর করে তাঁকে ফ্ল্যাটের বাইরে এনে একটি টোটোতে তোলা হয়। সুদীপ্ত ঘোষের দাবি, তিনি চিৎকার করলে অর্পণ দত্ত বন্দুকের বাট দিয়ে তাঁকে আঘাত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে তাঁকে বনহুগলী যুবক সংঘ সংলগ্ন একটি রেশন গোডাউনের সামনে নিয়ে যাওয়া হয়।

অভিযোগ, সেখানে ক্লাবের সম্পাদক শঙ্কর রাউতের প্ররোচনায় তাঁকে মাটিতে হাঁটু গেড়ে বসিয়ে চড়, ঘুষি, লাথি মারা হয়। এরপর, অভিযুক্তরা তাঁর কাছে ২ লক্ষ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তাঁর পকেট থেকে নগদ ৩৫০০ টাকা কেড়ে নেওয়া হয় এবং মোবাইল ফোন ভাঙার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। পাশাপাশি সাত দিনের মধ্যে দাবি করা টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

সূত্রের খবর, বিষয়টি নিয়ে সুদীপ্ত ঘোষ গোটা ঘটনার কথা লিখিত আকারে বরাহনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি এই ঘটনার পর থেকেই তিনি চরম আতঙ্কিত বলে জানান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে অভিযুক্তরা শাসক দল ঘনিষ্ঠ বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে এই ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল, আর তাতেই নিন্দার ঝড় উঠছে। বিরোধী দল বিজেপি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে।

বরানগরের সিসিটিভি ফুটেজ সামনে আসার পর শাসক বিরোধী একে অপরকে দোষারোপ শুরু। ব্যারাকপুর কাণ্ডের পর এবার শিরোনামে বরাহনগর। ভোটের আগে আরও একটি ঘটনায় নাম জড়াল শাসকদলের। অভিযোগ, বরাহনগরে 'তোলাবাজির শিকার' ইন্টিরিয়র ডিজাইনার! ক্লাবে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। বরাহনগরে 'তোলা' না পেয়ে মার, ফের অভিযুক্ত INTTUC নেতা শঙ্কর রাউত।

বরানগরের ওই আক্রান্ত ইন্টিরিয়র ডিজাইনারের নাম সুদীপ্ত ঘোষ। মারধরের অভিযোগ বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে । মূলত শঙ্কর রাউত তৃণমূলের বরানগর সাংগঠনিক জেলার INTTUC-র সভাপতি ইন্টিরিয়র ডিজাইনারের দাবি, ১ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন তৃণমূল নেতা শঙ্কর রাউত। 

যদিও তোলাবাজির অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। টাকা না দেওয়ায় বাড়িতে ঢুকে মারধর, ক্লাবে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ। ক্লাবের সামনে ফের রিভলভারের বাট দিয়ে মারধরের অভিযোগ। ভিডিও পোস্ট করে শাসক দলকে আক্রমণ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। তবে ওই তৃণমূল নেতার দাবি, আলোচনার জন্য ডাকা হয়েছিল, মারধর করা হয়নি।

জানা গিয়েছে, বারাসাতে এক আইনজীবীর ফ্ল্যাটে ইন্টিরিয়রের কাজ করেন সুদীপ্ত। অনেক টাকা বকেয়া থাকায় কাজ বন্ধ করে দেন, দাবি সুদীপ্তর। টাকা নিয়েও পুরো কাজ করেননি, পাল্টা দাবি আইনজীবীর। 'সুদীপ্ত ঘোষ অনেকের কাছ থেকেই টাকা নিয়ে প্রতারণা করেছেন', ইন্টিরিয়র ডিজাইনারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তৃণমূল নেতার। 

বরানগর থানায় অভিযোগ দায়ের উভয় পক্ষেরই। এই ঘটনার সঙ্গে দল বা দলের কেই যুক্ত নয়। যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধের পুলিশ আইনি পদক্ষেপ নেবে। এখানে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয় বলেই দাবি বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জীর। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: ইন্টিরিয়র ডিজাইনারের কাছ থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ, বরাহনগরে তৃণমূল নেতার তোলাবাজি
'মেয়েদের আগে বলব নিজের পায়ে দাঁড়াতে', একান্ত সাক্ষাৎকারে আর কী বলছেন নন্দিনী ভট্টাচার্য?