- Home
- West Bengal
- Cyclone: ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে নতুন সিস্টেম, নাম কী হবে?
Cyclone: ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে নতুন সিস্টেম, নাম কী হবে?
ঘূর্ণিঝড় অ্যাকভানের প্রভাব কাটতে না কাটতেই ফের বঙ্গোপসাগরে নতুন আবহাওয়া ব্যবস্থার ইঙ্গিত! নভেম্বরের শেষ সপ্তাহে আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে।

ঘূর্ণিঝড় অ্যাকভানের প্রভাব কাটতে না কাটতেই ফের বঙ্গোপসাগরে নতুন আবহাওয়া ব্যবস্থার ইঙ্গিত! নভেম্বরের শেষ সপ্তাহে আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। ফলে ডিসেম্বরের শুরুতে ফের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখনই নতুন কোনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। সম্ভাব্য সিস্টেমটির শক্তি, গতিপথ কিংবা স্থলভাগে আছড়ে পড়ার জায়গা সম্পর্কেও কোনও নির্দিষ্ট তথ্য নেই।

৩০ নভেম্বরের আশপাশে তৈরি হতে পারে নতুন ঘূর্ণাবর্ত!
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের শেষের দিকে আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। IMD-র ১৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনের Extended Range Forecast-এ এই সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, সম্ভাব্য সিস্টেম নিয়ে এখনও নির্দিষ্ট কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। কোথায় তৈরি হবে, কতটা শক্তিশালী হবে কিংবা কোন দিকে এগোবে, তা এখনই বলা সম্ভব নয়। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে কানি। এই নামটি মাদদ্বীপের দেওয়া।
পরপর তিনটি ঘূর্ণিঝড়, কেন এমন পরিস্থিতি?
চলতি বছরে বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড় তৈরি হওয়ায় আবহাওয়াবিদদের নজর রয়েছে এই অঞ্চলের উপর। IMD-র ডিজি জানিয়েছেন, সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে ৪ থেকে ৫টি ঘূর্ণিঝড় তৈরি হয়। কিন্তু চলতি বছরে ইতিমধ্যেই তিনটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের উপর দিয়ে একের পর এক আবহাওয়া ব্যবস্থা এগিয়ে যাওয়ায় উপকূলবর্তী এলাকাগুলিতে প্রভাব পড়েছে।
এল নিনোর প্রভাবেই কি এমন পরিস্থিতি?
আবহাওয়া দফতরের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্রের মতে, চলতি বছরের পরিস্থিতির সঙ্গে ১৯৮৭ সালের শক্তিশালী এল নিনো পরিস্থিতির কিছুটা মিল রয়েছে। এল নিনোর প্রভাবে বায়ুমণ্ডল ও সমুদ্রের পরিস্থিতিতে পরিবর্তন আসে। তার প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশেও। তবে নতুন ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনার সঙ্গে এল নিনোর সরাসরি সম্পর্ক এখনও নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয়নি।
বাংলায় কি ফের দুর্যোগের আশঙ্কা?
এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য নতুন কোনও ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হয়নি। সম্ভাব্য ঘূর্ণাবর্তের অবস্থান, শক্তি এবং গতিপথ সম্পর্কে বিস্তারিত তথ্য না পাওয়া পর্যন্ত বাংলায় তার প্রভাব কতটা পড়বে, তা বলা যাচ্ছে না। তবে বঙ্গোপসাগরে নতুন সিস্টেম তৈরির সম্ভাবনা থাকায় আগামী কয়েক দিনের আবহাওয়া বুলেটিনের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।
অ্যাকভান এখন কোথায়?
ইতিমধ্যেই ঘূর্ণিঝড় অ্যাকভান শক্তি হারিয়ে ওড়িশার উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। ফলে ঘূর্ণিঝড় হিসেবে তার অস্তিত্ব শেষ হয়েছে। তবে এর অবশিষ্টাংশের প্রভাবে ওড়িশার একাধিক এলাকায় বৃষ্টি হয়েছে। অর্থাৎ, অ্যাকভানের প্রভাব পুরোপুরি কাটতে না কাটতেই নতুন ঘূর্ণাবর্তের সম্ভাবনা নিয়ে সতর্ক নজর রাখছে আবহাওয়া দফতর।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.