
Kolkata: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বঙ্গ বিধানসভা ভোটের দামামা বাজতে আর মাস তিনেক ও দেরি নেই। তার মধ্যে এবার জেলা সদরেই গণনাকেন্দ্র চিঠি দিল নির্বাচন কমিশন। চলতি বিধানসভা ভোটকে সামনে রেখে জেলার সদরেই গণনাকেন্দ্র তৈরির নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। এ বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠিও পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলার সদর শহরেই গণনাকেন্দ্র গড়ে তুলতে হবে। ভোটগ্রহণ শেষে ইভিএম ও ভিভিপ্যাট নিরাপদে সংরক্ষণ এবং গণনার কাজ এক জায়গায় করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব জেলায় পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় এই নির্দেশ কার্যকর করতে সমস্যায় পড়তে হতে পারে তেমনটাই সূত্রের খবর ।
একটি গণনাকেন্দ্র তৈরি করতে গেলে নির্দিষ্ট সংখ্যক বড় ঘর, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি নজরদারি, স্ট্রং রুম এবং গণনাকর্মীদের জন্য পর্যাপ্ত পরিসরের প্রয়োজন হয়। অনেক জেলার সদর দফতরে এত বড় পরিসরের সরকারি ভবন না থাকায় বিকল্প ব্যবস্থা খোঁজা হচ্ছে।
কোথাও স্কুল কলেজ বা অন্য সরকারি ভবন ব্যবহার করার কথাও ভাবা হচ্ছে। কমিশন সূত্রের খবর উত্তর ২৪ পরগনা মতো বড় জেলায় একাধিক বিধানসভা কেন্দ্র থাকায় গণনার জন্য বহু বড় হলঘরের প্রয়োজন হবে। সেক্ষেত্রে একাধিক ভবন ব্যবহার করতে হতে পারে। তবে ছোট জেলাগুলিতে তুলনামূলকভাবে সমস্যা কম হবে বলে মনে করা হচ্ছে। গণনাকেন্দ্র তৈরির ক্ষেত্রে নিরাপত্তা ও স্বচ্ছতার কোনও খামতি রাখা যাবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছে কমিশন।
রাজ্য প্রশাসনের তরফে কমিশনের নির্দেশ খতিয়ে দেখা হচ্ছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে খবর । তবে পরিকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে কীভাবে সব জেলায় সদরভিত্তিক গণনাকেন্দ্র গড়ে তোলা হবে সেটাই এখন দেখার ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।