
নিউটাউনে তৈরি হতে চলছে রাজ্যের নতুন বিধানসভা ভবন। এই এলাকাতেই স্থানান্তরিত করা হবে কলকাতা হাইকোর্টও। একই ক্যাম্পাসে গড়ে উঠবে প্রশাসনিক ভবনও। একই ক্যাম্পাসে বিচারপতি, রাজ্য সরকারের প্রথম সারির আধিকারিক ও মন্ত্রীদের জন্য তৈরি হবে আবাসন। রবিবার কলকাকা ময়দানে পূর্ত দফতরের তাঁবুতে সাংবাদিক বৈঠকে এই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে নিউটাউনের সম্প্রসারণের কথাও বলেছেন তিনি। তার জন্য ভাঙড়-সহ সংলগ্ন এলাকার জমি কেনা ও আগামী তিন মাসে ৮-১০ হাজার একর জমি সংগ্রহের লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'বিধানসভা ও হাইকোর্টের জন্য নিউটাউনে ইতিমধ্যেই বড় একালা চিহ্নিত করা হয়েছে। সেখানেই একই ক্যাম্পাসের মধ্যে নতুন বিধানসভা , হাইকোর্ট ও প্রশাসনিক পরিকাঠামো ও বিচারপতি , মন্ত্রী, বিভিন্ন দফতরের প্রধান আধিকারিকদের আবাসন তৈরি করা হবে।' শুভেন্দুর এই ঘোষণা থেকে স্পষ্ট যে আগামী দিনে নিউটাউনই রাজ্যের অন্যতম প্রশাসনিক কেন্দ্র হয়ে উঠবে। বিধানসভার সম্ভাব্য আসন সংখ্যা বৃদ্ধি, কলকাতা হাইকোর্টের জায়গার অভাবের জন্যই এই পদক্ষেপ বলেও নবান্ন সূত্রে দাবি করা হয়েছে।
আগামী দিনে পশ্চিমবঙ্গ বিধানসভার আসন ২৯৪ থেকে বেড়ে ৪০০ বা তারও বেশি হতে পারে। সেই সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখেই আগামী পরিকাঠামো তৈরি করার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। যদিও আসন সংখ্যা বৃদ্ধি ও তার বাস্তবায়ন নির্ভর করবে সংশ্লিষ্ট সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ার ওপর।
নিউ টাউনকে ঘিরে বড়সড় উন্নয়ন পরিকল্পনার কথা সামনে আনলেন মুখ্যমন্ত্রী। নতুন বিধানসভা ভবন, হাই কোর্ট এবং প্রশাসনিক পরিকাঠামো তৈরির পাশাপাশি শিল্প ও অন্যান্য প্রকল্পের জন্য জমি সংগ্রহেও বিশেষ জোর দিতে চাইছে রাজ্য সরকার। তবে জমি অধিগ্রহণের ক্ষেত্রে কোনও জোরজবরদস্তি করা হবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিউ টাউন সংলগ্ন ভাঙড় এবং আশপাশের গ্রাম পঞ্চায়েত এলাকার যে সমস্ত জমির মালিক স্বেচ্ছায় জমি বিক্রি করতে আগ্রহী, তাঁদের কাছ থেকেই জমি কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, জমির মালিকদের নির্ধারিত দাম দিয়েই জমি কেনা হবে। এ ক্ষেত্রে ২০১৩ সালের ল্যান্ড পারচেজ স্কিম অনুসরণ করবে সরকার। পাশাপাশি ল্যান্ড পুলিং এবং ল্যান্ড ডেভেলপমেন্ট পদ্ধতিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ব্যবস্থায় কৃষকদের জমির একটি অংশ ফেরত দেওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ, জমি সংগ্রহের পাশাপাশি জমির মালিকদের স্বার্থ রক্ষার বিষয়টিও সরকারের পরিকল্পনায় রাখা হয়েছে।
শুধু নিউ টাউন নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে আগামী তিন মাসে বিপুল পরিমাণ জমি কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, পুরুলিয়া, ব্যারাকপুর শিল্পাঞ্চল, সিঙ্গুর-সহ একাধিক এলাকায় মোট ৮ থেকে ১০ হাজার একর জমি সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে শিল্প স্থাপন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজে এই জমি ব্যবহার করা হবে।
নিউ টাউনকে ঘিরে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো তৈরির পরিকল্পনাও রয়েছে। আদানি গোষ্ঠীর উদ্যোগে সেখানে একটি মেডি সিটি গড়ে তোলার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে শুধু হাসপাতালই নয়, মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ, নার্সিং হস্টেল এবং রোগীদের সঙ্গে আসা আত্মীয়দের থাকার জন্য হোটেল তৈরির পরিকল্পনাও রয়েছে। ফলে চিকিৎসা ও স্বাস্থ্যশিক্ষার ক্ষেত্রে নিউ টাউনকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হচ্ছে।
ধর্মীয় পর্যটনের ক্ষেত্রেও নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অম্বানী গোষ্ঠীর জন্য বরাদ্দ ১৭ একর জমিতে ধর্মীয় পরিকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরের আদলে বালাজি মন্দির নির্মাণের পরিকল্পনা রয়েছে। মন্দিরে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রসাদের ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন তিনি।
এ ছাড়াও নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার মূর্তি স্থাপনের কাজ এগোচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই এই প্রকল্পের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। মূর্তি নির্মাণ ও সংশ্লিষ্ট কাজের মোট খরচের অর্ধেক বহন করবে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। বাকি ৫০ শতাংশ অর্থ দেবে রাজ্য সরকার।
সব মিলিয়ে নিউ টাউন এবং তার আশপাশের এলাকাকে কেন্দ্র করে একাধিক বড় প্রকল্পের রূপরেখা তুলে ধরেছে রাজ্য সরকার। প্রশাসনিক পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা, ধর্মীয় পর্যটন থেকে শুরু করে শিল্পের জন্য জমি সংগ্রহ— বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে এগোতে চাইছে সরকার। এখন দেখার, ঘোষিত পরিকল্পনাগুলি কত দ্রুত বাস্তবায়িত হয় এবং তার ফলে নিউ টাউন ও সংলগ্ন এলাকার পরিকাঠামোয় কতটা পরিবর্তন আসে।