Dilip Vs Abhishek: 'অভিষেককে মারার সময় কার আছে?', হামলার দাবি ওড়ালেন দিলীপ ঘোষ

Saborni Mitra   | ANI
Published : Nov 07, 2026, 09:54 AM IST
Who has time to kill Abhishek Banerjee  Dilip Ghosh dismisses claims of attack

সংক্ষিপ্ত

তৃণমূল কংগ্রেসের (AITC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গভীর রাতে হামলার দাবি নিয়ে এবার কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। অভিষেকের অভিযোগ উড়িয়ে কী বলেছেন দিলীপ ঘোষ?

তৃণমূল কংগ্রেসের (AITC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গভীর রাতে হামলার দাবি নিয়ে এবার কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার তিনি প্রশ্ন তোলেন, তৃণমূল নেতাকে খুন করার মতো সময় কার হাতে আছে?

অভিষেকের ওপর হামলা নিয়ে দিলীপের প্রতিক্রিয়া

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ এই অভিযোগগুলোকে 'মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা' বলে মন্তব্য করেন। তিনি বলেন, "এই প্রথম দেখলাম কোনও রাজনীতিকের জন্মদিন ফুটপাতে পালন করা হচ্ছে। কেউ যদি অশান্তি পাকায়, তবে তার পাল্টা প্রতিক্রিয়া তো হবেই। তাছাড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারার সময় কার আছে? ওদের আর কিছু বলার বা করার নেই, তাই এই ইস্যু তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।" শুক্রবার কালীঘাটে যে ঘটনা ঘটেছে তাতে গুরুত্ব দিতে তেমনভাবে রাজি নন দিলীপ ঘোষ। তেমনই মনে করেছে ওয়াকিবহাল মহল।

অভিষেকের প্রতিক্রিয়া

এর আগে আজই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, শুক্রবার গভীর রাতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হামলা চালিয়েছে। এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্ট করে তৃণমূল নেতা বিরোধী দলের কর্মী, কলকাতা পুলিশ এবং উচ্চ আদালতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। অভিষেকের দাবি অনুযায়ী, গত রাত ২টোর সময় "বিজেপির গুন্ডারা" তাঁর বাড়িতে হামলা চালায়। তিনি বলেন, "আজ সকালে রেকি করার ভিডিও প্রকাশ করার পর, ঠিক রাত ২টোর সময় কলকাতা পুলিশের নজরদারির মধ্যেই বিজেপির গুন্ডারা আমার বাড়িতে হামলা চালিয়েছে।" কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সমালোচনা করে তিনি বলেন, "ধন্যবাদ কলকাতা হাইকোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্টকে, এই সব ঘটনা ঘটার সময় নীরব দর্শক হয়ে থাকার জন্য। আমি খুব শিগগিরই ভিডিওগুলো আপলোড করব।" এর আগে শুক্রবার অভিষেক অভিযোগ করেছিলেন, গত দু'দিন ধরে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর বাড়ির ওপর নজরদারি চালাচ্ছে। তিনি আরও জানান, ধরা পড়ার পর ওই ব্যক্তিরা নিজেদের পুলিশ আধিকারিক বলে দাবি করেছিল।

ঘটনার সূত্রপাত

শনিবার ৭ নভেম্বর অর্থাৎ আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষ্যে শুক্রবার মধ্যরাতের পরই তাঁর কালীঘাটের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন তাঁর ও কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের অনুগামীরা। অভিযোগ সেখানেই রাত ২টো নাগাদ হাজির হয় বিজেপি কর্মীরা। তারাই 'চোর চোর' স্লোগান দিতে শুরু করে। জন্মদিনের শুভেচ্ছা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি , কাটআউট সবই ছিঁড়ে ফেলা হয়। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তাতে বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। তারপরই তা হাতাহাতির পর্যায় পৌঁছে যায়। রাতেই অভিষেক বাড়ির বাইরে বেরিয়ে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন। সেই সময় তিনি বলেন, 'হামলা করে আমাকে প্রাণে মারার চক্রান্ত চলছে।' পুলিশকেও বিজেপি কর্মীরা মেরেছে বলেও অভিযোগ করেন তিনি।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Abhishek Banerjee: 'প্রাণে মারার চক্রান্ত চলছে', মধ্যরাতে কালীঘাটে হামলার অভিযোগ অভিষেকের
WB Weather Update: দীপাবলিতে কি বৃষ্টিতে ভিজবে রাজ্য? আবহাওয়া নিয়ে কি জানাচ্ছে হাওয়া অফিস