
নন্দীগ্রাম উপনির্বাচনে নাটকীয় মোড়। মনোনয়ন প্রত্যাহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী সঞ্চিতা দে প্রধান। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পরই নাটকীয় মোড়। হলদিয়ায় মহকুমাশাসকের দফতরে গিয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন সঞ্চিতা। বিধানসভা ভোটের কয়েক দিন পর থেকেই ‘আসল তৃণমূল’ কারা, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের মধ্যে টানাপড়েন চলছে। উপনির্বাচনে তৃণমূলের নাম ও প্রতীক কোন শিবির ব্যবহার করবে, তা নিয়েও শুরু হয় জোর লড়াই। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী নির্দেশে তৃণমূলের জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ করে দেয় নির্বাচন কমিশন। শুক্রবার কমিশন জানিয়ে দেয়, উপনির্বাচনে কোন শিবির কোন নাম ও প্রতীকে লড়াই করবে।
কিন্তু কমিশনের সিদ্ধান্তের পরেও নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে নাটক অব্যাহত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন সঞ্চিতা। সঙ্গে ছিলেন স্বামী সত্যজিৎ প্রধান। এরপরই তাঁকে ঘিরে শুরু হয় জল্পনা। প্রশ্ন ওঠে, তিনি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে লড়বেন কি না। শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটল শুক্রবার বিকেলেই। শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর হলদিয়া মহকুমাশাসকের দফতরে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন সঞ্চিতা দে প্রধান। ফলে আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রামে কোনও প্রার্থী রইল না মমতা শিবিরের। ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে মমতা জানিয়ে দেন, নন্দীগ্রামে তাঁর শিবির কংগ্রেসকে সমর্থন করবে। নন্দীগ্রামে কংগ্রেসের টিকিটে লড়বেন মিলন প্রধান। ঋতব্রত শিবির নন্দীগ্রাম আসনে প্রার্থী করেছে মহম্মদ এহেতাশ মুল হককে। পাশাপাশি, সিপিআই, বিজেপি এবং আইএসএফ-ও প্রার্থী দিয়েছে নন্দীগ্রামে। বিজেপির টিকিটে এই কেন্দ্রে লড়বেন শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ফলপ্রকাশ ৯ অক্টোবর।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা শিবিরের মনোবলে আরও একবার ধাক্কা লাগল। কারণ ইতিমধ্যেই কমিশনের অন্তবর্তী নির্দেশে জোড়া ফুল প্রতীক ও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামটিও হারাতে হয়েছে মমতা শিবিরকে। ফুটবলার প্রতীকে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়র শিবির আর দলের নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। অন্যদিকে ঋতব্রত তৃণমূল নাম পেল, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। তারা প্রতীক হিসেবে যে তিনটিকে বেছে নিয়েছিল, তারমধ্যে থেকে তাদের দেওয়া হয়েছে খাম প্রতীক।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.