
West Bengal Election News: দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ইভিএম-এ টেপ লাগিয়ে রাখার ঘটনায় কড়া বার্তা দিল নির্বাচন কমিশন (Election Commission of India)। সিইও মনোজ আগরওয়াল বলেছেন, 'যেখানে যেখানে টেপ পাওয়া গিয়েছে, ওয়েব কাস্টিংয়ে দেখেছি, পর্যবেক্ষকদের যে রিপোর্ট এসেছে, সেখানে জিরো টলারেন্সে পদক্ষেপ নেওয়া হবে। আমরা আগাম বললাম, এই জায়গা ছাড়াও যেখানে যেখানে পাওয়া যাবে সেখানে পুনর্নির্বাচন হবে।' বুধবার ফলতার বেশ কয়েকটি বুথে ইভিএম-এ বিজেপি (BJP) প্রার্থীর নাম ও প্রতীক টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। ফলে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের (AITC) দিকে। অনেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এই পরিস্থিতিতে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন।
ফলতায় ইভিএম-এ টেপ লাগিয়ে রাখার পাশাপাশি আতর লাগানোর অভিযোগ উঠেছে। ফলতার ২৫২, ২৩৫,২২৬, ১৮৬, ২৪১ বুথে ইভিএম-এ আতর লাগানোর অভিযোগ উঠেছে। ফলতার পাশাপাশি মগরাহাট থেকেও একই অভিযোগ উঠেছে। এ বিষয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সিইও জানিয়েছেন, 'যেখানে আতর পাওয়া গিয়েছে, সেখানেও পুনর্নির্বাচন হবে।' বেশ কয়েকটি বুথ থেকে টেপ, আতর লাগানোর অভিযোগ ওঠায় পুরো বিধানসভাতেই পুনর্নিবাচনের নির্দেশ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সিইও। বিস্তারিত রিপোর্ট পাওয়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৃহস্পতিবার বা শুক্রবার পুনর্নির্বাচন হতে পারে।
২৩ এপ্রিল বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটে খুব বেশি অশান্তি-হিংসার অভিযোগ ওঠেনি। তবে বুধবার দ্বিতীয় দফার ভোটে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠেছে। এর মধ্যে ফলতা থেকে বেশি অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। ভবানীপুরেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। সেখানেও সক্রিয় হয় কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে, শান্তিপূর্ণ ভোটের স্বার্থে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.