ভারতে গাড়ির নিরাপত্তা পরীক্ষায় আরও বড় পরিবর্তন আসতে চলেছে। ২০২৭ সালের অক্টোবর থেকে শুরু হবে Bharat NCAP 2.0। বৃহস্পতিবার দিল্লিতে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (SIAM)-এর ৬৬তম বার্ষিক কনভেনশনে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি।

ভারতে গাড়ির নিরাপত্তা পরীক্ষায় আরও বড় পরিবর্তন আসতে চলেছে। ২০২৭ সালের অক্টোবর থেকে শুরু হবে Bharat NCAP 2.0। বৃহস্পতিবার দিল্লিতে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (SIAM)-এর ৬৬তম বার্ষিক কনভেনশনে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। ভারত নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম বা Bharat NCAP-এর প্রথম পর্যায় শুরু হয়েছিল ২০২৩ সালের অগস্টে। এবার তার দ্বিতীয় পর্যায় চালু করতে চলেছে কেন্দ্র। মন্ত্রী জানিয়েছেন, Bharat NCAP 2.0-তে গাড়ির নিরাপত্তা ব্যবস্থার পুরো চেনকে নতুন করে মূল্যায়ন করা হবে। এই নতুন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু হয়েছে। শীঘ্রই গাড়ি নির্মাতা সংস্থা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নতুন নিয়ম সম্পর্কে জানানো হবে।

নীতিন গড়করির বক্তব্য, গাড়ির মজবুত কাঠামোর পাশাপাশি যাত্রীদের নিরাপত্তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে পথ দুর্ঘটনা এখনও বড় সমস্যা। তাঁর দাবি, প্রতি বছর দেশে প্রায় ৫ লক্ষ সড়ক দুর্ঘটনা ঘটে এবং তাতে প্রায় ১.৮০ লক্ষ মানুষের মৃত্যু হয়। দুর্ঘটনায় মৃতদের প্রায় ৬০ শতাংশের বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে।

নতুন প্রযুক্তিতে জোর

Bharat NCAP 2.0-তে আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। দুর্ঘটনা এড়ানো, গাড়ির ভিতরের যাত্রীদের সুরক্ষা এবং পথচারীদের নিরাপত্তার জন্য ইতিমধ্যেই বিভিন্ন আধুনিক প্রযুক্তি তৈরি হয়েছে। এর মধ্যে কিছু প্রযুক্তি আন্তর্জাতিক স্তরে ব্যবহৃত হচ্ছে, আবার ভারতের বিভিন্ন স্টার্টআপও নতুন প্রযুক্তি তৈরি করেছে। নতুন পর্যায়ে এই ধরনের প্রযুক্তিকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি নতুন ক্র্যাশ-টেস্ট ব্যবস্থা এবং তার নিয়মকানুনও পর্যালোচনা করা হবে। এরপর নতুন ক্র্যাশ-টেস্ট প্রোটোকল কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

Global NCAP-এর তুলনায় অনেক সস্তা

গড়করি জানিয়েছেন, আন্তর্জাতিক ক্র্যাশ-টেস্ট ব্যবস্থার তুলনায় Bharat NCAP-এর খরচ অনেক কম। তাঁর দাবি, Global NCAP-এর তুলনায় Bharat NCAP প্রায় ৭৫ শতাংশ সস্তা। একটি গাড়ির ক্র্যাশ টেস্টে Global NCAP-এর ক্ষেত্রে প্রায় ২.৫ কোটি টাকা খরচ হয়। সেখানে ভারতীয় Bharat NCAP ব্যবস্থায় একই পরীক্ষার জন্য খরচ প্রায় ৬০ লক্ষ টাকা। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এখনও পর্যন্ত Bharat NCAP-এর আওতায় ১১টি সংস্থার ৩০টিরও বেশি গাড়ির ক্র্যাশ টেস্ট হয়েছে। কম খরচ এবং তুলনামূলক কম সময় লাগার কারণে আন্তর্জাতিক স্তরেও এই পরীক্ষাব্যবস্থা জনপ্রিয় হয়ে উঠছে। এমনকি কয়েকটি বিদেশি গাড়ি নির্মাতা সংস্থাও Bharat NCAP-এর অধীনে নিজেদের গাড়ির ক্র্যাশ টেস্ট করাতে আগ্রহ প্রকাশ করেছে। Bharat NCAP 2.0 চালু হলে গাড়ির নিরাপত্তার মান আরও কঠোর হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে ক্র্যাশ-টেস্ট রেটিং এবং নিরাপত্তা ফিচার ক্রেতাদের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।