Flipkart Job Opportunity: উৎসবের মরশুমের আগে আড়াই লক্ষের বেশি নতুন চাকরির সুযোগ তৈরি করার কথা ঘোষণা করল ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। তার মধ্যে ৬০ শতাংশই থাকবে লাস্ট-মাইল ডেলিভারিতে। চাহিদা মেটাতে সংস্থাটি দেশজুড়ে ৯০০টি নতুন হাব খুলছে, বিশেষ করে ছোট ও মাঝারি শহরগুলিতে।

Flipkart Job Opportunity: পুজো এবং উৎসবের মরশুমের আগেই বিরাট নিয়োগের ঘোষণা করল ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। মঙ্গলবার সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, উৎসবের চাহিদা মেটাতে তারা আড়াই লক্ষের বেশি নতুন কর্মী নিয়োগ করবে। তার মধ্যে সরাসরি চাকরির পাশাপাশি পরোক্ষ কর্মসংস্থান এবং গিগ ওয়ার্কারদের জন্যও সুযোগ থাকছে। ফ্লিপকার্ট জানিয়েছে, নতুন চাকরির মধ্যে ৬০ শতাংশই হবে লাস্ট-মাইল ডেলিভারি বিভাগে। অর্থাৎ, গ্রাহকদের দোরগোড়ায় প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে (Flipkart Job Opportunity)। সেইজন্য দেশজুড়ে ৯০০টি নতুন ডেলিভারি হাবও খোলা হচ্ছে। সবমিলিয়ে, প্রায় ১.৪ লক্ষ কর্মসংস্থান শুধুমাত্র লাস্ট-মাইল ডেলিভারির জন্যই তৈরি করা হচ্ছে। এই নিয়োগ প্রক্রিয়া ফ্লিপকার্টের ৭,০০০-এর বেশি ইকার্ট (Ekart) পরিষেবা কেন্দ্রের মাধ্যমে হবে। যার মধ্যে ফুলফিলমেন্ট সেন্টার, সর্টেশন হাব এবং ডেলিভারি অপারেশনসের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।

ছোট শহর এবং নতুনদের উপর বিশেষ নজর

সংস্থার মতে, মূলত টায়ার-২ এবং টায়ার-৩ শহর, অর্থাৎ ছোট ও মাঝারি শহরগুলিতে চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণেই এই বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্লিপকার্টের কুইক-কমার্স প্ল্যাটফর্ম 'ফ্লিপকার্ট মিনিটস'-এর ব্যবসাও বাড়ছে। আড়াই লক্ষ চাকরির মধ্যে প্রায় ৭৫,০০০ সুযোগ, অর্থাৎ প্রায় ৩০%, এমন মানুষদের জন্য যারা প্রথমবার কাজের জগতে পা রাখছেন। তার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানের নতুন পথ খুলে যাবে। ফ্লিপকার্ট গ্রুপের সাপ্লাই চেইন, কাস্টোমার এক্সপেরিয়েন্স এবং রিকমার্স বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেমন্ত বদ্রি জানিয়েছেন, "উৎসবের মরশুমে ভারতের বাণিজ্য জগৎ এক নতুন মাত্রা পায়। আর আমাদের সাপ্লাই চেইন এক্ষেত্রে বড় ভূমিকা পালন করে থাকে। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আমরা এই বছর আমাদের নেটওয়ার্ক আরও বড় করতে চলেছি এবং দেশজুড়ে আরও বেশি চাকরির সুযোগ তৈরি করছি। ৯০০-র বেশি নতুন ডেলিভারি হাব এবং প্রায় ১.৪ লক্ষ লাস্ট-মাইল চাকরির সুযোগ এটাই প্রমাণ করে যে, আমাদের নেটওয়ার্ক কত দ্রুত বাড়ছে। বিশেষ করে, যখন ফ্লিপকার্ট মিনিটস এবং ছোট শহরগুলিতে চাহিদা প্রতিদিন বাড়ছে।"

দক্ষতা বৃদ্ধি এবং বৈচিত্র্যে জোর

ফ্লিপকার্ট জানিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় মহিলা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্যও আরও বেশি সুযোগ তৈরি হচ্ছে। বর্তমানে ফ্লিপকার্টের সাপ্লাই চেইন কর্মীদের মধ্যে ২০ শতাংশের বেশি মহিলা। এছাড়াও ওয়্যারহাউস এবং ডেলিভারি অপারেশনে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অংশগ্রহণও বেড়েছে। উৎসবের মরশুমের আগেই ফ্লিপকার্টের সাপ্লাই চেইন অপারেশনস অ্যাকাডেমি (SCOA) প্রায় ১০,০০০ সার্টিফিকেট দিয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচিতে সাপ্লাই চেইন অপারেশনের উপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এটি কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক, NCVET এবং আইটিআই কল্যাণীর সহযোগিতায় চালানো হয়।

এই প্রসঙ্গে ফ্লিপকার্ট গ্রুপের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রজনীশ কুমার বলেন, “উৎসবের মরশুমে এই কর্মসংস্থান একটি বৃহত্তর অর্থনৈতিক ব্যবস্থার অংশ, যা বহু মানুষের জীবন-জীবিকা এবং উদ্যোগকে সমর্থন করে।" তাঁর মতে, এই বছর প্রায় ৭৫,০০০ মানুষ প্রথমবার ফ্লিপকার্টের মাধ্যমে কাজের জগতে প্রবেশ করছেন, যা ডিজিটাল বাণিজ্য বাড়ার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান ও উদ্যোগের নতুন রাস্তা তৈরি করছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।