Share Market Today: সোমবার, ভারতীয় শেয়ার বাজারে বড় পতন। বিশ্ব বাজারের দুর্বলতা ও মুনাফা তোলার হিড়িকে সেনসেক্স পড়ল ১,৪৮৩ পয়েন্ট। ব্যাঙ্ক এবং মেটাল সেক্টরে ব্যাপক বিক্রির জেরে সাম্প্রতিক শীর্ষস্থান থেকে বড় ধাক্কা খেল সূচক।

Share Market Today: বড় পতনের মুখে ভারতীয় শেয়ার বাজার। সোমবার, ভারতীয় শেয়ার বাজারে বড় পতন দেখা গেল। ব্যাঙ্ক ও মেটাল শেয়ারে প্রবল বিক্রির জেরে সেনসেক্স ও নিফটি দুই বেঞ্চমার্ক সূচকই প্রায় ১.৭% পড়েছে। বিশ্ব বাজারের দুর্বলতা ও সম্প্রতি বাজার চড়ার পর লগ্নিকারীদের মুনাফা তোলার ঝোঁক এই পতনের অন্যতম কারণ (Share Market Today)। নিফটি ৫০ সূচক ৪৫০.৯৫ পয়েন্ট বা ১.৭৫ শতাংশ কমে ২৫,৩৪৯.৬৫-তে বন্ধ হয়েছে। অন্যদিকে, বিএসই সেনসেক্স ১,৪৮৩.৭২ পয়েন্ট বা ১.৭৭ শতাংশ নেমে ৮২,৪৩৫.৯৯-এ থিতু হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ঘিরে তৈরি হওয়া বুদবুদ এবং আমেরিকায় আরও কড়া মুদ্রানীতির আশঙ্কায় বিশ্ব জুড়ে শেয়ার বিক্রির হিড়িক পড়েছে। ব্যাঙ্কিং ও কমোডিটি শেয়ারগুলোতে ব্যাপক বিক্রি দেখা গেছে। তার পাশাপাশি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (FII) নেতিবাচক মনোভাবও দেশীয় শেয়ার বাজারকে টেনে নামিয়েছে।

বিশ্ব বাজারের ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স এবং নিফটি

জিওজিৎ ইনভেস্টমেন্টসের গবেষণা প্রধান বিনোদ নায়ার জানান, “এআই বুদবুদ ও আমেরিকার কড়া মুদ্রানীতির জেরে গত সপ্তাহে বিশ্ব বাজারে যে বিক্রি শুরু হয়েছিল, তার প্রভাব আজ ভারতীয় শেয়ার বাজারেও পড়েছে। দুর্বল এফআইআই মনোভাবের জেরে মূলত ব্যাঙ্ক ও কমোডিটির মতো ভারী শেয়ারগুলোতেই বেশি বিক্রি দেখা গেছে। তাছাড়া, সাম্প্রতিক উত্থান ও ছুটির কারণে ছোট হয়ে আসা সপ্তাহের পর দেশীয় বাজারে মুনাফা তোলার প্রবণতা থাকাটাই স্বাভাবিক। তবে মিশ্র এশীয় বাজার ও ইতিবাচক ইউরোপীয় বাজার পতনের হার কিছুটা রুখতে সাহায্য করেছে।” তিনি আরও বলেন, বিশ্ব বাজারের জন্য এই এআই-চালিত পতন কতদিন স্থায়ী হবে তা একটা বড় বিষয়। তবে ভারতে এআই নির্ভর বিনিয়োগ তুলনামূলকভাবে কম। এছাড়া, দেশের মজবুত অর্থনীতি, উৎপাদনে উন্নতি এবং দ্বিতীয় ত্রৈমাসিকে ৭.৭ শতাংশের কাছাকাছি জিডিপি বৃদ্ধির আশা বাজারকে আগামী দিনে স্থিতিশীল রাখতে পারে।

সম্প্রতি রেকর্ড উচ্চতায় পৌঁছনোর পর, নিফটি ব্যাঙ্ক সূচকও ৩ শতাংশের বেশি কমে ৬২,৫৮৫-তে নেমেছে। ব্রডার মার্কেটেও পতন স্পষ্ট। নিফটি ১০০ কমেছে ১.৬৭ শতাংশ, নিফটি মিডক্যাপ ১০০ কমেছে ১ শতাংশ এবং নিফটি স্মলক্যাপ ১০০ হারিয়েছে ০.৭ শতাংশ। সেক্টর অনুযায়ী দেখলে, নিফটি আইটি সূচকই একমাত্র সবুজ ঘরে বন্ধ হয়েছে, যা ১.৮ শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নিফটি মেটাল সূচকের, যা ৩.৭০ শতাংশ পড়েছে। এরপর নিফটি পিএসইউ ব্যাঙ্ক সূচক ৩.২৫ শতাংশ এবং নিফটি প্রাইভেট ব্যাঙ্ক সূচক ৩.১০ শতাংশ কমেছে। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস ২ শতাংশ, নিফটি অটো ০.৯৪ শতাংশ এবং নিফটি এফএমসিজি ০.৪৬ শতাংশ কমেছে। এনরিচ মানির সিইও পনমুডি আর এএনআই-কে জানিয়েছেন, ২৬,০০০-এর মনস্তাত্ত্বিক স্তরের কাছাকাছি মুনাফা তোলার প্রবণতাই এই পতনের মূল কারণ। তাঁর মতে, "২৬,০০০-এর স্তরে লগ্নিকারীরা কিছু মুনাফা তুলে নিতে চাইছেন। আমি একে বাজারের দুর্বলতা নয়, বরং প্রফিট-বুকিং হিসেবেই দেখছি। নিফটির স্বল্পমেয়াদী সাপোর্ট এখন ২৫,৫০০-তে, আর পরবর্তী বড় বাধা বা রেজিস্ট্যান্স হলো ২৬,৩০০।"

কী অবস্থা বাজারের?

তাঁর কথায়, “প্রায় ১৫ শতাংশ বৃদ্ধির পর বাজারের কিছুটা স্থিতিশীল হওয়ার দরকার ছিল। নিফটি যদি ২৫,৫০০-এর উপরে থাকতে পারে, তাহলে উত্থান বজায় থাকবে। আর এক-দু'দিন যদি সূচক ২৬,৩০০-এর উপরে বন্ধ হতে পারে, তবে আরও বৃদ্ধির রাস্তা খুলবে।” কমোডিটি বাজারে, ব্রেন্ট ক্রুড তেলের দাম ০.৪৯ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯২.১৩ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, সোনার দাম ২.৩৯ শতাংশ বেড়ে ১০ গ্রাম (২৪ ক্যারেট) পিছু ১,২৪,৬৮০ টাকা হয়েছে। রুপো ২.৯৭ শতাংশ বেড়ে কেজি প্রতি ১,৫২,২০৭ টাকায় বিক্রি হচ্ছে।

অধিকাংশ এশীয় বাজারও লাল ঘরেই শেষ করেছে। দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৩.৪৩ শতাংশ কমে ৪,৭০৮-এ এবং সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস সূচক ০.৪৩ শতাংশ কমে ৪,৯৫৩-তে নেমেছে। হংকংয়ের হ্যাং সেং সূচক ০.২৩ শতাংশ কমে ২২,৩৬০-এ বন্ধ হয়েছে। তবে এর ব্যতিক্রম হলো তাইওয়ানের ওয়েটেড সূচক, যা ২ শতাংশ বেড়ে ৩৬,৮১১-তে বন্ধ হয়েছে।

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।