সম্প্রতি এক পরিচালকের ফেসবুক পোস্ট ঘিরে টলিপাড়ায় বিতর্ক শুরু হয়েছে। সেই পোস্টের কমেন্টে এক অভিনেত্রী পরিচালকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় অশালীন আচরণ এবং কাজ থেকে বাদ দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনেন, যা নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে তোলপাড় চলছে। যদিও পরে পরিচালক পোস্টটি মুছে দেন এবং এখনও কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি।

টলিপাড়ায় ফের বিতর্ক। সম্প্রতি এক পরিচালকের ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। রাতের দিকে করা সেই পোস্টে অন্য কয়েকজন পরিচালকের উদ্দেশে খোঁচা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তবে সেই পোস্টের কমেন্ট বক্সেই বিস্ফোরক অভিযোগ আনেন এক অভিনেত্রী, যা ঘিরে এখন তোলপাড় ইন্ডাস্ট্রির অন্দরমহল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অভিনেত্রীর দাবি, ওই পরিচালক মদ্যপ অবস্থায় একাধিকবার অশালীন আচরণ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “তোমার মতো নোংরা পারভার্ট ব্রাহ্মণদের কী করে শ্রদ্ধা করি বলো তো? যারা নিজের বন্ধুর মেয়ের পিঠে হাত বোলাতে ছাড়ে না…”। যদিও আরও গুরুতর অভিযোগের ইঙ্গিত দিলেও তা প্রকাশ্যে বিস্তারিত লেখেননি অভিনেত্রী।

এছাড়াও তিনি অভিযোগ করেন, মদ্যপ অবস্থায় অভিনেত্রীদের সঙ্গে অশোভন আচরণ, জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা এবং প্রতিবাদ করলে কাজ থেকে সরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। অভিনেত্রীর কথায়, “বাধা দিলে পরের দিন ক্ষমা না চেয়ে বিভিন্ন কাজ থেকে কাঠি করে থাকে।”

এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে টলিপাড়ার বিভিন্ন মহলে। ইন্ডাস্ট্রির অনেকেই সেই পোস্টের স্ক্রিনশট সংগ্রহ করে রাখেন বলেও জানা গিয়েছে। তবে পরদিন সকালেই দেখা যায়, সংশ্লিষ্ট পরিচালক তাঁর মূল পোস্টটি মুছে দিয়েছেন। এরপর অভিনেত্রীও আর প্রকাশ্যে এই বিষয়ে নতুন করে কিছু বলেননি।

তবে অভিনেত্রীর প্রতিবাদের পাশে দাঁড়িয়েছেন টলিপাড়ার কয়েকজন পরিচিত মুখ, যদিও প্রকাশ্যে কেউই বিস্তারিত মন্তব্য করতে চাননি। ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো, পরিচালকের এক ঘনিষ্ঠ বন্ধুর মেয়ের সঙ্গেও নাকি এমন আচরণের অভিযোগ উঠেছে।

যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। ফলে বিষয়টি আইনি পথে গড়ায় কি না, সেদিকেই নজর এখন টলিপাড়ার।