বলিউডে ফের তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ! এবার অভিনেতা আয়ুষ্মান খুরানাকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। কোটি কোটি টাকা দাবি করে আসা একটি অডিয়ো বার্তায় উঠে এসেছে এক কুখ্যাত গ্যাংয়ের নাম। কে পাঠাল সেই হুমকি? অডিয়োর কণ্ঠস্বর ঘিরে কী জানতে পারল পুলিশ?
বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে লক্ষ্য করে তোলাবাজির হুমকি। কয়েক কোটি টাকা দাবি করে তাঁকে একটি ভয়ংকর অডিয়ো ক্লিপ পাঠানো হয়েছে বলে খবর। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিজেকে লরেন্স গ্যাংয়ের সদস্য বলে দাবি করে ওই হুমকি দিয়েছে বলে জানিয়েছে Filmfare।
ঘটনাটি সামনে আসতেই তৎপর হয়েছে মুম্বই পুলিশ। অডিয়ো ক্লিপটির সত্যতা যাচাই করতে শুরু হয়েছে তদন্ত। পুলিশের প্রযুক্তিগত দল এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ওই ব্যক্তির কণ্ঠস্বর পরীক্ষা করছেন। অপরাধীদের কণ্ঠস্বরের সংরক্ষিত নমুনার সঙ্গে সেটি মিলিয়ে দেখার চেষ্টা চলছে। হুমকিতে যে নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, তাঁর সঙ্গে ওই কণ্ঠস্বরের কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি বলিউডে তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। কয়েক সপ্তাহ আগে জুহুর একটি ফুটবল ভেন্যুর বাইরে অভিনেতা টাইগার শ্রফকে ঘিরে গুলিচালনার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল। সেই ঘটনার পর বেশ কয়েকটি সেলিব্রিটি স্পোর্টস ক্লাব তাদের নিয়মিত সাপ্তাহিক ম্যাচ বন্ধ রাখে।
অন্যদিকে, অভিনেতা তুষার কাপুরের কাছেও পাঁচ কোটি টাকা দাবি করে একটি অডিয়ো বার্তা পাঠানো হয়েছিল। সেখানে হ্যারি বক্সার নামে এক ব্যক্তি নিজেকে পরিচয় দিয়েছিল। প্রাথমিক তদন্তে সেটি ভুয়ো হওয়ার সম্ভাবনা উঠে এলেও আয়ুষ্মানের ঘটনায় কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিশ।
এদিকে, সাইবার এবং ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা ডিজিটাল কলের সূত্র ও বিদেশি নেটওয়ার্কের মাধ্যমে হুমকির পিছনে থাকা ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছেন। পাশাপাশি অভিনেতার বাড়ি ও কর্মস্থলের নিরাপত্তা আরও জোরদার করার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।




