বলিউড বাদশাহ শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খান তাঁদের স্বপ্নের বাংলো মন্নত নিয়ে বড়সড় আইনি স্বস্তি পেয়েছেন। সুপ্রিম কোর্ট এই বাংলোর সংস্কার ও সম্প্রসারণের বিরুদ্ধে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে।
শাহরুখ খানের স্বপ্নের মন্নত নিয়ে বড়সড় আইনি স্বস্তি পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খান। এই ঐতিহ্যবাহী বাংলোটির সংস্কার ও সম্প্রসারণের কাজের বিরুদ্ধে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের রায়ের ফলে মন্নাতের ভোলবদল ও সেখানে নতুন করে দুটি আবাসিক তলা নির্মাণের সমস্ত বাধা কেটে গেল।
প্রসঙ্গত, শাহরুখ খানের মুম্বইয়ের বাংলো ‘মন্নত’-এর উপর আরও দুটি তলা তৈরির জন্য দেওয়া কোস্টাল রেগুলেশন জোন (CRZ) ক্লিয়ারেন্সকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন একটি বেঞ্চ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের আগের সিদ্ধান্তই বহাল রেখেছে। আদালত জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিবেশগত নিয়মকানুন মেনেই কাজ করার প্রমাণ পেয়েছে। এই আবেদন খারিজ হওয়ায় এখন বাংলোর সম্প্রসারণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাবে।
শুনানির সময়, আবেদনকারীর আইনজীবী যুক্তি দেন যে, একজন বিখ্যাত অভিনেতা জড়িত থাকায় মামলাটি বিশেষ গুরুত্ব পাওয়া উচিত নয়। আইনজীবী আদর্শ হাউজিং সোসাইটি কেলেঙ্কারি ফাঁস করার ক্ষেত্রে আবেদনকারীর ভূমিকার কথাও উল্লেখ করেন।
তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয় যে, এই সিদ্ধান্ত শুধুমাত্র আইনি যোগ্যতার ভিত্তিতেই নেওয়া হয়েছে, শাহরুখ খানের তারকা পরিচিতির উপর ভিত্তি করে নয়। বিচারকরা জোর দিয়ে বলেন যে, সেলিব্রিটি স্ট্যাটাসের কোনও প্রভাব এই রায়ে পড়েনি।
উল্লেখ্য, মুম্বইয়ের সমুদ্রমুখী এই প্রাসাদটি শুধুমাত্র একটি বাংলো নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা শাহরুখ ভক্তদের কাছে তা আবেগের নাম। প্রতি বছর কিং খানের জন্মদিনে হাজার হাজার অনুরাগী এখানে উপস্থিত হন। আর শাহরুখ বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়েন। এই মুহূর্তে শাহরুখ ভক্তদের আবেগের সঙ্গে জড়িত আছে।
এদিকে, অভিনেতা তাঁর আগামী ছবি ‘কিং’-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিতে সুহানা খান, দীপিকা পাড়ুকোন এবং অভয় ভার্মাকেও দেখা যাবে। ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।


