মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি বড় ঘোষণা করেছেন। তিনি জানান, মহানায়কের নামে একটি আধুনিক ফিল্ম সেন্টার গড়ে তোলা হবে এবং তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান থেকে এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার কেওড়াতলা মহাশ্মশানে তাঁর আবক্ষমূর্তি ও একটি স্মারকফলক উন্মোচন করেন। তারপরই ঘোষণা করেন মহানায়ক উত্তমকুমারের নামে একটি আধুনিক ফিল্ম সেন্টার গড়ে তোলা হবে।
জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই ৪ দিনের অনুষ্ঠানে মহানায়কের জীবন, কর্ম এবং বাংলা চলচ্চিত্রে তাঁর অবদানকে তুলে ধরা হবে। তার আগে নন্দন বা রবীন্দ্রসদনে একটি কমিটি তৈরি করে প্রস্তুতি সভা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আজ ফাইবারের মূর্তি উন্মোচন থেকে শুরু করে মহানায়কের স্মৃতিকে সম্মান জানাতে রাজ্য সরকার যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে, তার সবই উত্তম কুমারের পরিবারের অনুমতি ও সম্মতি নিয়েই করা হবে।
এদিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সংস্কৃতিক জগতের অনেকেই আছেন যারা এখনও মহানায়ককে আদর্শ মেনে পথ চলতে চান। তাঁদের জ্ঞাতার্থ জানাই, মহানায়কের প্রয়াণদিবসে আমরা প্রাথমিক আলোচনায় ঠিক করেছিলাম যে, যেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল সেখানেই আমরা তাঁকে হৃদয় থেকে স্মরণ করব এবং তাঁকে নিয়ে আলোচনা করব। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে শুক্রবার গুপ্তিপাড়ার ২৮৬ বছরের উল্টোরথে গিয়েছিলেন শুভেন্দু। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী সুমনা সরকার জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গুপ্তিপাড়ার উল্টোরথ যাত্রায় আসাটা একটা গর্বের বিষয়। তাঁর কথায়, বাংলার ইতিহাসে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে যোগ দিতে এলেন। সুমনা সরকার বলেন, "এমন উৎসব গোটা ভারতে আর কোথাও হয় না। শুধুমাত্র হুগলি জেলার বলাগড় বিধানসভা কেন্দ্রের গুপ্তিপাড়াতেই এর চল আছে। আর বাংলার ইতিহাসে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী গুপ্তিপাড়ার এই ঐতিহ্য দেখতে আসছেন। এটা আমাদের জন্য খুবই গর্বের যে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী ডঃ স্বপন দাশগুপ্ত এই বিশাল অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।"


