অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরতে পারেন বলে গুঞ্জন। শোনা যাচ্ছে, তিনি ‘ফিতুর’ নামের একটি আসন্ন হিন্দি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনি
দীর্ঘ বিরতির পর আবারও ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। তবে এবার তাঁকে বাংলা ধারাবাহিকে নয়, বরং হিন্দি টেলিভিশনের নতুন এক প্রজেক্টে দেখা যেতে পারে বলে টলিপাড়ার অন্দরে জোর গুঞ্জন।

সূত্রের খবর, আসন্ন হিন্দি ধারাবাহিক ‘ফিতুর’-এ মুখ্য চরিত্রে অভিনয় করতে পারেন দেবচন্দ্রিমা। যদিও ধারাবাহিকটির গল্প বা অন্যান্য কলাকুশলীদের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এমনকি নায়কের নামও এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জুলাই মাস থেকেই শুটিং শুরু হতে পারে।
এর আগে হিন্দি ধারাবাহিক সোহাগান চুড়েল-এ অভিনয়ের মাধ্যমে জাতীয় স্তরের দর্শকদের নজর কাড়েন দেবচন্দ্রিমা। সেই ধারাবাহিকে তাঁর সঙ্গে কাজ করেছিলেন নিয়া শর্মা, জ়ইন ইবাদ খান এবং আরাধ্য শর্মা।
গত প্রায় দু’বছর অভিনয়জগতে খুব বেশি সক্রিয় ছিলেন না দেবচন্দ্রিমা। এই সময়ে তিনি মূলত নিজের ব্যবসা এবং ব্যক্তিগত জীবনেই মনোনিবেশ করেছিলেন। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই দেখা যায় ভ্রমণ ও ব্যক্তিগত মুহূর্তের নানা ছবি। সম্প্রতি বন্ধু কিরণ মজুমদার-এর সঙ্গে বিদেশ সফরেও গিয়েছিলেন অভিনেত্রী।
কিছুদিন আগে অভিনেত্রী অদ্রিজা রায়-এর বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবচন্দ্রিমা। সেখানে প্রেম, সম্পর্ক এবং বিয়ে নিয়ে নিজের মতামতও ভাগ করে নেন তিনি। তাঁর মতে, কোনও সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না হলে পারস্পরিক আলোচনার মাধ্যমে সম্মানের সঙ্গে তা শেষ করা উচিত। একটি অসুস্থ সম্পর্কে আটকে থাকার চেয়ে সেখান থেকে বেরিয়ে আসাই শ্রেয় বলে মনে করেন অভিনেত্রী।
ভবিষ্যতের জীবনসঙ্গী সম্পর্কে তাঁর প্রত্যাশাও স্পষ্ট। দেবচন্দ্রিমার কথায়, বিশ্বস্ততা, ভালোবাসা ও সম্মান—এই তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি এমন একজন সঙ্গী চান, যিনি তাঁর পেশা, পরিশ্রম এবং নিজের জায়গা তৈরি করার লড়াইকে বুঝতে পারবেন। অভিনেত্রীর মতে, শুধুমাত্র ভালোবাসা নয়, সম্পর্কে পারস্পরিক সম্মানই সবচেয়ে বেশি প্রয়োজন।
এছাড়াও সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রাক্তন সঙ্গীর বিরুদ্ধে প্রকাশ্যে কটূক্তি করার প্রবণতাকে সমর্থন করেন না তিনি। দেবচন্দ্রিমার বিশ্বাস, যে সম্পর্ক একসময় জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল, বিচ্ছেদের পরও তার প্রতি ন্যূনতম সম্মান বজায় রাখা উচিত।
দেবচন্দ্রিমার নতুন ধারাবাহিক নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে দর্শকদের এখন অপেক্ষা করতে হবে অভিনেত্রীর তরফ থেকে চূড়ান্ত নিশ্চিতকরণের জন্য।
