অভিনেতা তথা সাংসদ দেব ভোটের ফলাফলের দিনই খারাপ খবর পেলেন …কাকে হারালেন অভিনেতা?

৪ মে রাজ্য জুড়ে ভোটগণনার উত্তেজনার মধ্যেই টলিপাড়ায় নেমে এসেছে একরাশ বিষাদ। অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব-এর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে প্রিয় পোষ্যকে হারানোর ঘটনায়। বহু বছরের সঙ্গী ‘লাকি’-র মৃত্যুর খবরে গভীরভাবে ভেঙে পড়েছেন অভিনেতা। দেবের জীবনে তাঁর দুই পোষ্য—লাকি এবং হ্যাপি—ছিল পরিবারের সদস্যের মতোই। শুধু পোষ্য নয়, তাঁদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন তিনি। তাই লাকির চলে যাওয়া যেন তাঁর জীবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। জানা গিয়েছে, এই ঘটনায় মনখারাপ গোটা পরিবারেরই—মা, বাবা, বোন থেকে শুরু করে ঘনিষ্ঠ সকলেই লাকিকে ভীষণ স্নেহ করতেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

একসময় কুকুরকে ভয় পেতেন দেব। কিন্তু লাকি তাঁর জীবনে আসার পর সেই ভয় কেটে যায়। বরং ধীরে ধীরে লাকি হয়ে ওঠে তাঁর সবচেয়ে কাছের সঙ্গী। বহু সাক্ষাৎকারে অভিনেতা নিজেই স্বীকার করেছেন, কীভাবে এই পোষ্য তাঁর জীবন বদলে দিয়েছে। তাই লাকির মৃত্যু যেন তাঁর কাছে বড় ছেলেকে হারানোর মতোই বেদনাদায়ক। সম্প্রতি সমাজমাধ্যমে লাকির একটি ছবি ভাগ করে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন দেব। 

তিনি লিখেছেন, “তুমি আমার জীবনের সেরা পাওনা। তাড়াতাড়ি ফিরে এসো আমার জীবনে।” এই কথাতেই স্পষ্ট, প্রিয় সঙ্গীকে হারানোর শোক কতটা গভীর। প্রায় ১৪ বছরের দীর্ঘ পথচলায় লাকি ছিল দেবের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিদেশ থেকে ফিরলেই লাকির উচ্ছ্বসিত অভ্যর্থনা, কিংবা ঘরের প্রতিটি মুহূর্তে তার উপস্থিতি—সবকিছুই আজ স্মৃতি। মাসখানেক আগেই বাংলা ইন্ডাস্ট্রিতে দেবের ২০ বছর পূর্তি উদ্‌যাপনেও লাকি ও হ্যাপি ছিল পরিবারের সঙ্গে মঞ্চে উপস্থিত। সেই আনন্দঘন মুহূর্তের পরেই এভাবে বিদায়—তা মেনে নেওয়া কঠিনই। এই কঠিন সময়ে দেবের পাশে রয়েছে তাঁর পরিবার এবং অনুরাগীরা। তবে প্রিয় পোষ্যকে হারানোর যন্ত্রণা যে সহজে কাটার নয়, তা বলাই বাহুল্য।