Guns N Roses Guwahati Concert: প্রথমবার গুয়াহাটিতে রক শো! ফ্যানদের ধন্যবাদ জানাল গ্যান্স অ্যান্ড রোজেস
গুয়াহাটি (অসম) [ভারত], ২১ নভেম্বর (এএনআই): গুয়াহাটিতে প্রথমবারের মতো পারফর্ম করে ফ্যানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল জনপ্রিয় আমেরিকান রক ব্যান্ড গ্যান্স অ্যান্ড রোজেস। এই কনসার্টটিকে স্মরণীয় ডেবিউ বলে অ্যাখ্যা দিয়ে তারা দর্শকদের এমন উন্মাদনার জন্য ধন্যবাদ জানিয়েছে। গুয়াহাটিতে শোয়ের পর তারা ফ্যানদের ভালোবাসা এবং তিন ঘণ্টার দীর্ঘ কনসার্টের স্মৃতি রোমন্থন করে একটি মেসেজ শেয়ার করে। গ্যান্স অ্যান্ড রোজেস তাদের এক্স (X) হ্যান্ডেলে শোয়ের কিছু ছবি শেয়ার করে লিখেছে, "গুয়াহাটি! তোমরা অসাধারণ। আমরা তোমাদের সঙ্গে ৩ ঘণ্টার বেশি সময় ধরে রক করেছি, মনে রাখার মতো একটা ডেবিউ।"
এনার্জেটিক পারফরম্যান্স আর জনপ্রিয় সব রক অ্যান্থেমের জন্য গ্যান্স অ্যান্ড রোজেস গত কয়েক দশক ধরে বিশ্বজুড়ে একটা বড় ফ্যানবেস তৈরি করেছে। তাদের গান প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের মনে দাগ কেটে চলেছে। আর লাইভ শো হলে তো কথাই নেই, দেশ-বিদেশ থেকে ভিড় জমান দর্শকরা। গুয়াহাটিতে তাদের কনসার্টের আগে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ব্যান্ডের রাজ্যে আগমন নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে তাদের স্বাগত জানিয়েছিলেন।
ব্যান্ডটি তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও গুয়াহাটিতে ডেবিউ করার ঘোষণা করেছিল। সেখানে তারা ফ্যানদের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। ব্যান্ডটি লিখেছিল, "আজ রাতে, প্রথমবারের মতো, আমরা গুয়াহাটিতে বাজাব! চলো তোমাদের আওয়াজ শুনি, গ্যানার্স!" ঘোষণার সঙ্গে থাকা প্রোমোশনাল পোস্টারে উজ্জ্বল লাল-কমলা ব্যাকগ্রাউন্ডে ব্যান্ডের আইকনিক লোগো ছিল। পোস্টারের আর্টওয়ার্কে দেখা যায় একটি ময়ূর একটা পুরোনো মাথার খুলির ওপর বসে আছে, চারপাশে জলের ঢেউ আর ট্র্যাডিশনাল স্থাপত্যের ছোঁয়া।
গুয়াহাটির এই কনসার্টটি গ্যান্স অ্যান্ড রোজেসের বর্তমান ইন্টারন্যাশনাল ট্যুরে ভারতের দ্বিতীয় স্টপ। এর আগে ১৪ নভেম্বর বেঙ্গালুরুতে পারফর্ম করেছিল তারা। বেঙ্গালুরুর কনসার্টটি ছিল ১৪ বছর পর শহরে তাদের প্রত্যাবর্তন। এবারের ট্যুরে ব্যান্ডের বেশ কয়েকজন প্রধান সদস্য রয়েছেন। ফ্রন্টম্যান অ্যাক্সেল রোজ, গিটারিস্ট স্ল্যাশ এবং বেসিস্ট ডাফ ম্যাককাগানের পাশাপাশি রয়েছেন ডিজি রিড, রিচার্ড ফোর্টাস এবং আইজ্যাক কার্পেন্টার। অসমে তাদের প্রথম পারফরম্যান্সের পর, এই রক কিংবদন্তিরা ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত জাকার্তা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে শো করার মাধ্যমে তাদের আন্তর্জাতিক ট্যুর চালিয়ে যাবে।
'সুইট চাইল্ড ও মাইন', 'নভেম্বর রেইন', 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' এবং 'প্যারাডাইস সিটি'-র মতো আইকনিক রক অ্যান্থেমের জন্য গ্যান্স অ্যান্ড রোজেস সারাবিশ্বে দারুণ জনপ্রিয়। ব্যান্ডের গুয়াহাটি ডেবিউ তাদের ভারতীয় ট্যুরে আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা যোগ করল। এর ফলে বিশ্বের অন্যতম পরিচিত একটি রক ব্যান্ডকে অসমে আসার সুযোগ করে দিল এবং স্থানীয় ফ্যানদের ব্যান্ডের লাইভ মিউজিক উপভোগ করার সুযোগ করে দিল। (এএনআই)














