শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে প্রয়াত হন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। এই আকস্মিক খবরে তাঁর বিজয়গড়ের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মা এবং ছেলে সহজের অবস্থা সংকটজনক, পাশে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার সহ টলিউডের সহকর্মীরা।
বিজয়গড়ের অনন্যা অ্যাপার্টমেন্টের কথা সকলের জানা। সেখানেই ছোট থেকে বড় হয়েছেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। তবে, কয়েক ঘন্টায় বদলে গিয়েছে গোটা পাড়ার চিত্র। এখনও কেউ কাটিয়ে উঠতে পারেনি শোক।
রবিবার খবর আসে রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের। শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে প্রয়াত হন অভিনেতা। এখন কী অবস্থা অভিনেতার পরিবারের?
জানা গিয়েছে, রবিবার রাতে প্রথম প্রিয়াঙ্কাই পৌঁছান রাহুলের মায়ের কাছে। তারপর সেদিন সেখানে একে একে উপস্থিত হন দেবলীনা দত্ত, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, ঋদ্ধিমা ঘোষ, গৌরব চক্রবর্তী সহ আরও অনেকে। ছিলেন চৈতি ঘোষাল। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘সন্তানহারা মা কি আর ঠিক থাকে?’ পরে জানান যায়, রাহুলের মাকে ওষুধ দেওয়া হয়েছে ডাক্তারি পরামর্শ নিয়ে।
এদিকে বাবার মৃত্যু সংবাদ পেয়ে একেবারে চুপ করে গিয়েছিল সহজ। ১৩ বছরের সহজের জীবন যে বড় কঠিন তা আলাদা করে বলার কিছু নেই। তার মুখ থেকে একটাও শব্দ বের করতে পারেনি কেউ। কেওড়াতলা শ্মশানেও যন্ত্রের মতো অবাক চোখে দেখা গেল ১৩ বছরের সহজকে। বাবার মুখাগ্নি করেছিল সে। প্রিয়াঙ্কার মুখও ছিল থমথমে।
প্রসঙ্গত, তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ নামের একটি ধারাবাহিকের শ্যুটিং-এ গিয়েছিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই শ্যুটিং শেষে জলে নেমেছিলেন। তখনই ঘটে এই দুর্ঘটনা। তবে সে সময় ঠিক কী হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। এই সিরিয়ালে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করছেন ভাস্কর বন্দ্যোপাধ্য়ায়। তিনি প্রথম এই খবর নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, তালসারিতে শ্যুটিং-এ গিয়েছিলেন। ঘটনাটি প্য়াক আপের পরে হয়েছে। তবে ঠিক কী হয়েছিল সেই বিষয়ে তাঁর কাছে স্পষ্ট কোনও খবর নেই। রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্য়ায় 'চির দিনই তুমি যে আমার' ছবিতে অভিনয় করে প্রবল জনপ্রিয়তা অর্জন করেন। অভিনেত্রী ছিলেন প্রিয়াঙ্কা সরকার। পরবর্তীকালে তাঁরা বিয়েও করেন। সহজ তাদের সন্তান।


