বিগ বস বাংলা’-য় ফের বিতর্কে জীতু। ক্যাপ্টেন দুর্নিবার ও নিরঞ্জন একই বিছানায় শুতে যাওয়ায় বালতি ভর্তি জল ঢেলে দেন তিনি। তাঁর এমন আচরণে প্রতিবাদ করেন মনামী, ভরত, নন্দিনী-সহ একাধিক প্রতিযোগী। কেন দুর্নিবারকে নিয়েই বারবার বিতর্কে জড়াচ্ছেন জীতু? এই ঘটনায় নতুন করে শুরু হয়েছে জোর চর্চা।

‘বিগ বস বাংলা’-র অন্দরমহলে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না প্রতিযোগীদের। কখনও টাস্ক ঘিরে বিবাদ, কখনও আবার ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন—প্রতিদিনই নতুন কোনও ঘটনা নিয়ে সরগরম শোয়ের অন্দরমহল। আর এবার ফের আলোচনার কেন্দ্রে জীতু। মনামীর গায়ে বল ছোড়া নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন ঘটনায় সমালোচনার মুখে পড়লেন তিনি। এবার তাঁর নিশানায় ক্যাপ্টেন দুর্নিবার।

সম্প্রতি ‘বিগ বস বাংলা’-র ক্যাপ্টেন হয়েছেন দুর্নিবার। আর তার পর থেকেই ক্যাপ্টেনের ঘর ও বিছানা নিয়ে শুরু হয়েছে নতুন দ্বন্দ্ব। ক্যাপ্টেন্সি টাস্ক শেষ হওয়ার পরই দুর্নিবারকে নিজের অবস্থান স্পষ্ট করে জানান জীতু। তাঁর বক্তব্য, ক্যাপ্টেন রুমে একা ঘুমোতে হবে দুর্নিবারকে। সেখানে নিরঞ্জনকে কোনওভাবেই ঘুমোতে দেওয়া যাবে না।

এমনকী, তাঁর কথা না মানলে বিছানায় জল ঢেলে দেওয়ার হুমকিও দেন জীতু। তাঁর যুক্তি, ক্যাপ্টেন হওয়ার সুবাদে ওই ঘরে থাকার অধিকার একমাত্র দুর্নিবারেরই। কিন্তু জীতুর আপত্তি সত্ত্বেও দুর্নিবার ও নিরঞ্জন ক্যাপ্টেনের বিছানায় শুয়ে পড়েন। এরপরই এক বালতি জল এনে বিছানায় ঢেলে দেন জীতু। তাঁর এই কাণ্ডে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বিগ বসের ঘর।

ঘটনার প্রতিবাদে সরব হন বাড়ির একাধিক প্রতিযোগী। ভরত, মনামী ও নন্দিনী-সহ অনেকেই জীতুর আচরণের সমালোচনা করেন। রাজবীরও স্পষ্ট জানিয়ে দেন, এমন কাজ মোটেও ঠিক হয়নি। ফলে বিছানায় জল ঢালার ঘটনাকে কেন্দ্র করে প্রতিযোগীদের মধ্যে নতুন করে মতবিরোধ তৈরি হয়েছে। এই ঘটনার পর থেকেই সমাজমাধ্যমে জীতুকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। মনামী ও দুর্নিবারকে বারবার নিশানা করার অভিযোগ তুলে কেউ কেউ তাঁকে হিংসুটে বলেও কটাক্ষ করছেন। আবার কেউ কেউ তাঁর আচরণের সঙ্গে দ্বিচারিতার অভিযোগ জুড়ে দিয়েছেন।

অন্যদিকে, নিজের কাজ নিয়ে বিশেষ অনুতপ্ত নন জীতু। তাঁর দাবি, নিয়ম ভাঙা হলে ভবিষ্যতেও তিনি এমন পদক্ষেপ করতে পারেন। জীতুর এই আচরণ নিয়ে প্রশ্ন উঠছে আরও একটি কারণে। এর আগে ক্যাপ্টেন নিরঞ্জনের সঙ্গে একই বিছানায় ঝিলম ও দুর্নিবার-সহ অন্যদের ঘুমোতে দেখা গিয়েছিল। সেই সময় অবশ্য জীতুকে একইভাবে প্রতিবাদ করতে দেখা যায়নি বলে দাবি করছেন দর্শকদের একাংশ। তাই অনেকেরই প্রশ্ন, ক্যাপ্টেনের ঘরে ঘুমোনো নিয়ে আপত্তি যদি নিয়মের কারণে হয়, তা হলে আগে একই ঘটনা ঘটার সময় প্রতিবাদ করেননি কেন জীতু? নাকি দুর্নিবারের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনই এই বিতর্কের নেপথ্যে রয়েছে? সব মিলিয়ে, ‘বিগ বস বাংলা’-য় জীতু ও দুর্নিবারের দ্বন্দ্ব এখন নতুন করে চর্চার বিষয়। আগামী দিনে এই বিবাদ কোন দিকে মোড় নেয়, আর বাড়ির অন্য প্রতিযোগীরাই বা কী অবস্থান নেন, সেটাই এখন দেখার।