এই প্রথম কোনও বাঙালি কনটেন্ট নির্মাতা কানে অংশ নিলেন। সমাজমাধ্যমে তাঁর ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। পাশাপাশি ছাত্রজীবনের মজার স্মৃতি ভাগ করে নিয়েও অনুরাগীদের মন জিতেছেন নিরঞ্জন।

চলতি বছরে ৭৯তম বর্ষে পা দিল কান ফিল্ম ফেস্টিভাল (Cannes Film Festival)। আর সেই আন্তর্জাতিক মঞ্চেই ইতিহাস গড়লেন বাংলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নিরঞ্জন মন্ডল (Niranjan Mandal), যিনি সোশ্যাল মিডিয়ায় ‘লাফটারসেন’ নামেই বেশি পরিচিত। এই প্রথম কোনও বাঙালি কনটেন্ট ক্রিয়েটার কানের লাল গালিচায় হাঁটলেন, তাও আবার একেবারে খাঁটি বাঙালিয়ানা নিয়ে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সাদা ধুতি-পাঞ্জাবি, তার উপর কালো কোট, হাতে পুরনো দিনের ঘড়ি আর চোখে সাবেকি ফ্রেমের চশমা— কানের মঞ্চে যেন একেবারে ‘বাঙালিবাবু’ রূপেই ধরা দিলেন নিরঞ্জন। তাঁর এই অনন্য সাজ মুহূর্তের মধ্যেই নজর কাড়ে উপস্থিত সকলের। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যায় সেই ছবি ও ভিডিও।

মজার ভিডিও থেকে শুরু করে নানা স্পর্শকাতর সামাজিক বিষয়ে সংবেদনশীল কনটেন্ট তৈরি করে আগেই দর্শকদের মন জয় করেছিলেন নিরঞ্জন। গত বছর অভিনয় জগতে আত্মপ্রকাশের পর এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলার প্রতিনিধি হিসেবে তাঁর উপস্থিতি নিঃসন্দেহে বড় সাফল্য।

ফ্রান্সে পৌঁছেই অনুরাগীদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করে নেন তিনি। কখনও সাদা পোশাকে, কখনও আবার রঙিন স্টাইলিশ আউটফিটে ক্যামেরাবন্দি হন লাফটারসেন। তবে কানের লাল গালিচায় তাঁর বাঙালি সাজই সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে।

রবিবার সকালে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখে চওড়া হাসি নিয়ে নিরঞ্জন বলছেন, “খুব নার্ভাস লাগছে। আবার উত্তেজিতও।” নিজের পোশাক ও হাতে থাকা পুরনো ঘড়ির কথাও ব্যাখ্যা করেন তিনি। হাসিমুখে জানান, তাঁর সাজের প্রতিটি অংশের মধ্যেই রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া।

এর আগেও ফ্রান্সে পৌঁছে ছাত্রজীবনের একটি মজার স্মৃতির কথা শোনান নিরঞ্জন। তিনি জানান, একসময় স্কুলে ‘A square plus B square’ সূত্র ভুলে যাওয়ার জন্য শিক্ষক তাঁকে বলেছিলেন, তিনি জীবনে খুব বেশি দূর এগোতে পারবেন না। সেই ঘটনাকেই মজার ছলে স্মরণ করে নিরঞ্জন বলেন, “ফ্রান্স দিয়ে জার্নি শুরু করলাম। তবুও কাঁদছি, কারণ এখনও আমি A square plus B square-এর ফর্মুলা মনে করতে পারছি না।”

তাঁর এই সহজ-সরল রসবোধ এবং আত্মবিশ্বাসে মুগ্ধ অনুরাগীরা। আন্তর্জাতিক মঞ্চে বাংলার সংস্কৃতি ও পরিচিতিকে তুলে ধরার জন্য শুভেচ্ছার বন্যায় ভাসছেন লাফটারসেন নিরঞ্জন মণ্ডল।