বেশ কিছুদিন ধরে চর্চায় রয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তারকা দম্পতির সম্পর্কে নাকি তৈরি হয়েছে দূরত্ব। সেই গুঞ্জন ছড়াতেই ‘রাজশ্রী’-র অনুরাগীদের মধ্যে শুরু হয় জোর চর্চা। সত্যিই কি বিচ্ছেদ হচ্ছে তারকা দম্পতির?
বেশ কিছুদিন ধরে চর্চায় রয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তারকা দম্পতির সম্পর্কে নাকি তৈরি হয়েছে দূরত্ব। সেই গুঞ্জন ছড়াতেই ‘রাজশ্রী’-র অনুরাগীদের মধ্যে শুরু হয় জোর চর্চা। যদিও গত কয়েক দিনে একাধিক অনুষ্ঠানে পাশাপাশি দেখা গিয়েছে রাজ-শুভশ্রীকে। এবার ছেলে ইউভান জন্মদিনে একের পর এক ছবি এবং আবেগঘন বার্তা দিয়ে যেন সেই জল্পনায় ইতি টানলেন তারকা দম্পতি।
দেখতে দেখতে ছয় বছরে পা দিল রাজ-শুভশ্রীর বড় ছেলে ইউভান। শনিবার ছেলের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন পরিচালক রাজ চক্রবর্তী। এর মধ্যেই একটি ছবিতে সুইমিং পুলে বাবা-মায়ের মাঝে দেখা যাচ্ছে ছোট্ট ইউভানকে। অন্য একটি ছবিতে ছেলের গালে স্নেহের চুম্বন এঁকে দিতে দেখা যায় শুভশ্রীকে। তবে জন্মদিনের ছবির থেকেও অনুরাগীদের নজর কেড়েছে রাজ-শুভশ্রীর রসায়ন।
শুধু তাই নয়, স্ত্রীর উদ্দেশে একটি বিশেষ বার্তাও দিয়েছেন রাজ। ইউভানকে কে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শুভশ্রীর উদ্দেশে পরিচালক লেখেন, যুবানের জন্মের সঙ্গে সঙ্গেই একজন মা হিসেবে শুভশ্রীরও নতুন জন্ম হয়েছে। সন্তানদের বড় করে তোলার পাশাপাশি কীভাবে তিনি গোটা পরিবারকে এক সুতোয় বেঁধে রাখেন, সেই ভালবাসা ও শক্তির প্রশংসাও করেন রাজ। তাঁর কথায়, শুভশ্রীর এই ভূমিকা তাঁকে প্রতিদিন নতুন করে স্ত্রীর প্রেমে পড়তে বাধ্য করে।
স্বাভাবিকভাবেই এমন প্রেমমাখা পোস্ট দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। কমেন্টবক্সে একাংশের দাবি, বিচ্ছেদের গুঞ্জনের মাঝে নিন্দুকদের এটাই যেন মোক্ষম জবাব। কেউ আবার দীর্ঘদিন পর রাজ-শুভশ্রীকে একসঙ্গে দেখে স্বস্তি প্রকাশ করেছেন। তারকাদম্পতির সম্পর্ক নিয়ে নানা মন্তব্যে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।
ছেলেকে শুভেচ্ছা জানিয়ে রাজ লেখেন, ইউভানের জন্য পৃথিবীর সবটুকু সুখ কামনা করেন তিনি। ছোট্ট ছেলেকে নিজের ‘সোনা’ বলে আদর করে ভালবাসার কথাও জানিয়েছেন পরিচালক।
অন্যদিকে, ইউভানের ছয় বছরের নানা মুহূর্তের অদেখা ছবি নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন মা শুভশ্রীও। ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগঘন বার্তায় অভিনেত্রী জানিয়েছেন, খুব অল্প বয়সেই ইউভান তাঁর হৃদয় এমন ভালবাসায় ভরিয়ে দিয়েছে, যার অস্তিত্ব তিনি আগে কখনও জানতেন না। ছেলে যেমন, ঠিক তেমনই থাকুক—জীবনের ভাল-মন্দ, জয়-পরাজয় সব পরিস্থিতিতেই তাঁর ভালবাসা যে একই থাকবে, সেই বার্তাও দিয়েছেন শুভশ্রী।
২০২০ সালের ১২ সেপ্টেম্বর, অতিমারির আবহে জন্ম রাজ-শুভশ্রীর প্রথম সন্তান ইউভানের। বছর তিনেক আগেই দাদা হয়েছে সে। ছোট বোন ইয়ালিনীর সঙ্গে দাদা ইউভানের মিষ্টি সমীকরণও বরাবরই নজর কাড়ে। মা-বাবার মতোই গত কয়েক বছরে লাইমলাইটে জায়গা করে নিয়েছে এই খুদে তারকাও।
