পরিচালক রাজকুমার হিরানি নিশ্চিত করেছেন যে 'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েল লেখা হচ্ছে। ছবিতে আমির খান, আর. মাধবন এবং শরমন যোশীর মতো পুরনো অভিনেতারাই ফিরছেন। প্রথম সিনেমার ঘটনার ২০ বছর পরের গল্প দেখানো হবে।

২০০৯ সাল। পরিচালক রাজকুমার হিরানি 'থ্রি ইডিয়টস' নামে একটি সিনেমা নিয়ে এসেছিলেন, যা ছাত্রছাত্রী আর তরুণদের স্বপ্ন দেখতে, সমাজের চাপকে প্রশ্ন করতে আর নিজেদের প্যাশনকে খুঁজে নিতে শিখিয়েছিল। এই সিনেমাটা ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা হয়ে ওঠে। ১৭ বছর পরেও মানুষ আজও মন থেকে ছবিটাকে মনে রেখেছে। শুধু দর্শক নয়, পরিচালক রাজকুমার হিরানির নিজের কাছেও এই ছবিটা খুব স্পেশাল।

সিক্যুয়েলের চিত্রনাট্য লেখার কাজ চলছে

এবার তিনি সেই ম্যাজিক আবার ফিরিয়ে আনতে চলেছেন বহু প্রতীক্ষিত সিক্যুয়েলের মাধ্যমে। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার হিরানি জানিয়েছেন, ছবিটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। হিরানি বলেন, "আমরা লিখছি, গল্পটা লেখা হচ্ছে। যখন এটা ঠিকঠাক জায়গায় পৌঁছবে, তখন আমরা এটা নিয়ে কথা বলব। এখন আমরা লেখার কাজেই ব্যস্ত।"

ফিরছেন পুরনো অভিনেতারাই

তিনি আরও জানান, সিক্যুয়েলেও আগের কাস্টকেই দেখা যাবে। মূল ছবিতে আমির খান, আর. মাধবন, শরমন যোশী, বোমান ইরানি এবং করিনা কাপুর খানের মতো অভিনেতারা ছিলেন। হিরানি যোগ করেন, "কাস্টিং একই থাকবে, সব পুরনো অভিনেতারাই ফিরছেন।"

গল্পের প্রেক্ষাপট ২০ বছর পর

হিরানি আরও জানান যে সিক্যুয়েলের গল্পটা প্রথম ছবির ঘটনার ২০ বছর পরের প্রেক্ষাপটে তৈরি হবে। চরিত্রদের জীবনে পরে কী হয়েছিল, সেটাই তুলে ধরা হবে। তবে তিনি জোর দিয়ে বলেন, যদি চিত্রনাট্য যথেষ্ট শক্তিশালী হয়, তবেই তিনি ছবিটা বানাবেন। নাহলে বানানোর কোনও ইচ্ছাই তাঁর নেই। হিরানি বলেন, "অভিজাত আর আমি একটা গল্প লিখছিলাম, আর একদিন আমাদের মনে হল, 'আরে, এই গল্পটা তো আমাদের চরিত্রদের সঙ্গে দারুণ খাপ খাচ্ছে।' তবে এটা তাদের ছাত্রজীবনের গল্প নয়; এটা ২০ বছর পরের গল্প—এখন তাদের জীবনে কী হচ্ছে, এরপর তাদের সাথে কী হয়েছিল। যে গল্পটা আমরা লিখছিলাম, আমাদের মনে হল এটা এই চরিত্রদের জীবনে একেবারে পারফেক্টলি ফিট করছে। তবে আমরা এখনও কাজ করছি। আমি আগেই বলেছি, যদি গল্পটা ভালো হয়, তবেই আমরা ছবিটা বানাব; না হলে বানাব না।"

প্রসঙ্গত, 'থ্রি ইডিয়টস' প্রযোজনা করেছিলেন বিধু বিনোদ চোপড়া। (এএনআই)