নীতেশ তিওয়ারি পরিচালিত এবং রণবীর কাপুর ও যশ অভিনীত 'রামায়ণ: পার্ট ১' মুক্তির প্রথম দুদিনেই বিশ্বজুড়ে ২০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। হিন্দি ভার্সন থেকে সবচেয়ে বেশি আয় হলেও অন্যান্য ভাষাতেও ছবিটি ভালো ফল করেছে।

বক্স অফিসে 'রামায়ণ: পার্ট ১'-এর যাত্রা নিয়ে চর্চা তুঙ্গে। প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই দেশের বাজারে দারুণ একটা মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে রণবীর কাপুর অভিনীত এই ছবি। নীতেশ তিওয়ারির পরিচালনায় তৈরি এই পৌরাণিক এপিক ছবি দ্বিতীয় দিন, অর্থাৎ ৬ নভেম্বর, শুক্রবার ভারতে প্রায় ৪৮.০৫ কোটি টাকার নিট কালেকশন করেছে। প্রাথমিক হিসেব অন্তত এমনটাই বলছে। বক্স অফিসে মোটের ওপর ভালো কালেকশন ধরে রাখলেও, ওপেনিং ডে বা প্রথম দিনের (৬৪.৮৫ কোটি) তুলনায় আয় প্রায় ২৫.৯ শতাংশ কমেছে। শুক্রবার পর্যন্ত হিসেবে, দেশে ছবির মোট নিট কালেকশন দাঁড়িয়েছে ১১২.৯০ কোটি টাকা। আর ভারতের বাজারে গ্রস আয় প্রায় ১৩৪.৮০ কোটি।

বক্স অফিসে সবচেয়ে বেশি টাকা আনল হিন্দি ভার্সন

'রামায়ণ'-এর ঘরোয়া ব্যবসার একটা বড় অংশ আসছে হিন্দি ভার্সন থেকেই। তবে, ডাব করা ভার্সনগুলোও দ্বিতীয় দিনে খারাপ ব্যবসা করেনি।

শুক্রবারের ভাষা-ভিত্তিক আয়ের আনুমানিক হিসেব হলো:

- হিন্দি: ৩৫.৫০ কোটি

- কন্নড়: ৫.১৫ কোটি

- তেলুগু: ৪.৭৫ কোটি

- তামিল: ১.৫০ কোটি

- মালয়ালাম: ১.১৫ কোটি

অন্যান্য ভাষার চেয়ে হিন্দি রিলিজের আয় অনেকটাই বেশি। হিন্দিভাষী দর্শকদের মধ্যে এই ছবির ক্রেজ যে কতটা, তা এই সংখ্যা থেকেই স্পষ্ট।

ওভারসিজ বা বিদেশের বাজারেও ছবির পারফরম্যান্স মোট আয়ে বড় ভূমিকা রাখছে। রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় দিনে দেশের বাইরে প্রায় ৩৫ কোটি টাকা আয় করেছে ছবিটি। ফলে, ওভারসিজ গ্রস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৮৬.২৫ কোটি টাকায়। সব মিলিয়ে, প্রথম দুদিনেই 'রামায়ণ'-এর বিশ্বজুড়ে মোট গ্রস কালেকশন প্রায় ২২১.০৫ কোটি টাকা ছুঁয়েছে।

নীতেশ তিওয়ারির এপিক ছবিতে লিড রোলে রণবীর, সাই পল্লবী ও যশ

বক্স অফিস কালেকশনের পাশাপাশি, 'রামায়ণ' চর্চায় রয়েছে এর বিশাল কাস্ট আর সিনেমাটিক স্কেলের কারণে। রণবীর কাপুরকে দেখা যাচ্ছে ভগবান রামের ভূমিকায়, আর সীতা হিসেবে রয়েছেন সাই পল্লবী। রাবণের চরিত্রে যশ, লক্ষ্মণের রোলে রবি দুবে এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করেছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অরুণ গোভিল, লারা দত্ত এবং রাকুল প্রীত সিং। জটায়ুর কণ্ঠে শোনা যাচ্ছে অনুপম খেরকে। নমিত মালহোত্রা প্রযোজিত এবং নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিটি, ভারতীয় মহাকাব্যের ওপর ভিত্তি করে দুটি পর্বে বানানোর প্ল্যান করা হয়েছে।