‘Thermage’ ও ‘Softwave’-এর মতো ট্রিটমেন্ট নেওয়ার কথাও জানিয়েছেন। কী বলেছেন নায়িকা?
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলায়েকের চেহারায় পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছেন, প্লাস্টিক সার্জারি বা কোনও ধরনের কসমেটিক সার্জারির মাধ্যমে নিজের চেহারায় বদল এনেছেন অভিনেত্রী। এবার সেই জল্পনায় নিজেই জল ঢাললেন রুবিনা।
সম্প্রতি হিনা খান, রকি জয়সওয়াল এবং অভিনব শুক্লার সঙ্গে একটি ইউটিউব ভিডিওতে এই প্রসঙ্গে মুখ খোলেন অভিনেত্রী। স্পষ্ট ভাষায় রুবিনা জানান, বর্তমানে তিনি যে রকম দেখতে, তার জন্য কোনও সার্জারির সাহায্য নেননি। তাঁর কথায়, “I’ve not gone under the knife to look the way that I am today.”
নিজের পুরনো ছবির প্রসঙ্গও তোলেন রুবিনা। ‘বিগ বস’-এর সময় তাঁর শিমলার পুরনো ছবিগুলি ছড়িয়ে পড়েছিল বলে জানান তিনি। অভিনেত্রীর অভিযোগ, সেই ছবিগুলির কিছু অংশ AI ব্যবহার করে বিকৃত করা হয়েছিল। বিশেষ করে তাঁর দাঁতের আকৃতি নিয়েও বদল করা হয়েছিল বলে দাবি করেন রুবিনা। রুবিনা জানান, ছোটবেলায় তাঁর দাঁতে ব্রেসেস ছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই মানুষের মুখের গঠনে পরিবর্তন আসে। তাঁর ক্ষেত্রেও তেমনটাই হয়েছে বলে ব্যাখ্যা করেন অভিনেত্রী।
তবে প্লাস্টিক সার্জারি না করলেও কিছু নন-ইনভেসিভ কসমেটিক ট্রিটমেন্ট নেওয়ার কথা স্বীকার করেছেন রুবিনা। তিনি ‘Thermage’-এর কথা উল্লেখ করেন। তাঁর মতে, এই ধরনের ট্রিটমেন্ট মুখের ত্বককে টানটান করতে সাহায্য করে এবং তাঁর মুখের বেবি ফ্যাটও কিছুটা কমে গিয়েছে।
এমনকি বিয়ের আগে একটি বিশেষ ট্রিটমেন্ট করাতে দুবাই যাওয়ার কথাও জানান অভিনেত্রী। ‘Softwave’ করানো তাঁর কাছে প্রি-ওয়েডিং গিফটের মতো ছিল বলে জানান রুবিনা। অর্থাৎ, কোনও সার্জারি নয়, বরং নন-সার্জিক্যাল ট্রিটমেন্ট এবং জীবনযাত্রার পরিবর্তনের কথাই তিনি তুলে ধরেছেন।
নিজের সৌন্দর্য ধরে রাখার ক্ষেত্রে ডায়েটকেও বিশেষ গুরুত্ব দেন রুবিনা। কী খাচ্ছেন, তার উপরই তাঁর ত্বক ও শরীরের সুস্থতা অনেকটাই নির্ভর করে বলে মনে করেন অভিনেত্রী। পাশাপাশি এর আগেও তিনি ফেসিয়াল যোগা এবং স্বাভাবিক উপায়ে নিজের ফিচার নিয়ে কাজ করার কথা জানিয়েছেন।
ফলে রুবিনার বক্তব্যে পরিষ্কার, তাঁর চেহারায় পরিবর্তন নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে প্লাস্টিক সার্জারির জল্পনা চলছে, তা তিনি মানছেন না। বরং বয়স, জীবনযাপন, ডায়েট এবং নন-ইনভেসিভ ট্রিটমেন্টের ফল হিসেবেই নিজের বর্তমান লুককে ব্যাখ্যা করেছেন অভিনেত্রী।
