Satluj Movie 2026: দিলজিৎ দোসাঞ্জের ছবি 'সাতলুজ' Zee5 ইন্ডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিকেলে দেখেও আর রাতে দেখা যাচ্ছে না। এমনই অবস্থা। মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালরার জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয় এই ছবি। ইতিমধ্যেই Zee5 জানিয়েছে, দর্শকদের প্রতিক্রিয়ায় তারা আপ্লুত এবং ছবিটি ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালাচ্ছে।
Satluj Movie 2026: দিলজিৎ দোসাঞ্জের নতুন ছবি 'সতলুজ' Zee5 ইন্ডিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে রবিবার সন্ধ্যায় (Satluj film removed from ZEE5)। আপাতত ভারতে এই ছবির স্ট্রিমিং বন্ধ থাকবে বলে জানা গেছে। কিন্তু কোনও কারণ জানা যাচ্ছে না। তৎকালীন সরকার বিরোধী এক মানবাধিকার কর্মীর লড়াই উঠে এসেছিল এই সিনেমায়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, রিলিজ করার দু-দিনের মধ্যেই Zee5 থেকে তুলে নেওয়া হল দিলজিতের ‘সাতলুজ (Satluj movie 2026)'।

ওটিটি প্ল্যাটফর্মের ম্যানেজমেন্ট জানিয়েছে, তারা ছবিটি দর্শকদের কাছে ফিরিয়ে আনার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে। এই ছবিটি মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালরার জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়। যিনি ১৯৯৫ সালে নিখোঁজ হয়ে যান। হানি ত্রেহানের পরিচালনায় এই ছবিতে দিলজিৎ ছাড়াও রয়েছেন অর্জুন রামপাল, কানওয়ালজিৎ সিং, সুবিন্দর ভিকি এবং গীতিকা বিদ্যা। ছবিটি প্রযোজনা করেছে RSVP এবং ম্যাকগাফিন পিকচার্স।
কী জানিয়েছে Zee5?
এই প্রসঙ্গে জি৫ একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে, ছবিটি দর্শকদের থেকে যে সাড়া পেয়েছে তাতে তারা রীতিমতো কৃতজ্ঞ। সেই বিবৃতিতে বলা হয়েছে, "সাতলুজ মুক্তির পর থেকে দর্শকদের প্রতিক্রিয়া সত্যিই অসাধারণ। আমরা প্রত্যেক দর্শকের কাছে কৃতজ্ঞ, যারা সাবস্ক্রাইব করে ছবিটি দেখেছেন এবং সমর্থন করেছেন। আপনাদের ভালোবাসা আমাদের এবং এই গল্পের সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে অনেক বড় পাওনা। Zee5-এ আমরা 'সাতলুজ' এবং তার পিছনে থাকা সৃজনশীল ভাবনার পাশে দৃঢ়ভাবে দাঁড়াচ্ছি। আমরা বিশ্বাস করি যে, শক্তিশালী গল্প বলার ক্ষমতা মানুষকে অনুপ্রাণিত করে এবং একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। আমরা সবসময় খাঁটি এবং অর্থপূর্ণ স্টোরিকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে বর্তমান পরিস্থিতির কারণে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতে 'সাতলুজ' আর দেখা যাবে না। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব ছবিটি দর্শকদের কাছে ফিরিয়ে আনার জন্য সবরকম চেষ্টা করছি।"
সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে যে, তারা চলচ্চিত্র নির্মাতা এবং সৃজনশীল মত প্রকাশের প্রতি তাদের সমর্থন আগামীদিনেও বজায় রাখবে। তাদের কথায়, "বিশ্বাস, শৈল্পিক সততা এবং সঠিক উদ্দেশ্য নিয়ে বলা গল্পের প্রতি আমাদের সমর্থন অটুট থাকবে।"
নাম বদল এবং বিতর্ক
এই ছবিটি মুক্তির আগে তিনবার নাম বদল করা হয়েছে। এর আসল নাম ছিল 'ঘল্লুঘরা', যা ১৭৪৬, ১৭৬২ এবং ১৯৮৪ সালের শিখ গণহত্যার সঙ্গে যুক্ত একটি ঐতিহাসিক শব্দ। ২০২২ সালের শেষে যখন প্রযোজনা সংস্থা RSVP ছবিটি সেন্সর বোর্ডের কাছে সার্টিফিকেশনের জন্য পাঠায়, তখন বোর্ড ২১টি দৃশ্য বাদ দিতে এবং ছবির নাম বদলে 'পাঞ্জাব '৯৫' রাখতে বলে।
RSVP এই সিদ্ধান্তের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে আবেদন করে। প্রায় একই সময়ে, ২০২৩ সালের টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার বাতিল করা হয়। ভ্যারাইটিকে একটি সূত্র জানায়, এর পিছনে রাজনৈতিক কারণ ছিল। পরিচালক হানি ত্রেহান ভ্যারাইটিকে বলেন, "আমরা আগের নামটি রাখতে পারিনি। এখন ছবির নাম 'সাতলুজ'।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
