যুদ্ধ আবহে দুবাইতে আটকে শুভশ্রী-ইউভান! কবে বাড়ি ফিরবেন অভিনেত্রী? জানালেন রাজ
উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। ইরানের উপর ইজ়রায়েল ও আমেরিকার যৌথ হামলার জেরে তৈরি হয়েছে যুদ্ধের আবহ। তারই প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরশাহির শহর দুবাইতেও। এই পরিস্থিতির মধ্যেই দুবাইয়ে আটকে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন ছেলে ইউভান। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে দুবাই থেকে কলকাতায় ফেরার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু হঠাৎ পরিস্থিতি খারাপ হওয়ায় সেই বিমান বাতিল হয়ে যায়। ফলে আপাতত দুবাইতেই থাকতে হচ্ছে মা-ছেলেকে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন অভিনেত্রীর স্বামী এবং পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী।
রাজ জানিয়েছেন, বুধবার রাতের যে বিমানে শুভশ্রী ও ইউভানের দেশে ফেরার কথা ছিল, সেটি বাতিল হয়ে যায়। নতুন করে তাঁদের জন্য শুক্রবার, অর্থাৎ ৬ মার্চ ভোরের একটি বিমানের টিকিট করা হয়েছে। সেই বিমানে দুবাই থেকে প্রথমে মুম্বইয়ে নামবেন তাঁরা। এরপর মুম্বই থেকে কলকাতার বিমানে করে বাড়ি ফেরার কথা রয়েছে। জানা গিয়েছে, ছুটি কাটাতে ছেলে ইউভানকে নিয়ে দুবাই গিয়েছিলেন শুভশ্রী। কিন্তু হঠাৎ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ে পরিবারের সদস্যদের।
স্ত্রী ও সন্তানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেন রাজ। তিনি একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিধানসভার অধ্যক্ষের মাধ্যমেও বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে। পাশাপাশি অভিনেত্রীর বন্ধুরাও তাঁদের দ্রুত দেশে ফেরানোর জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করছেন। রাজ আরও জানান, বর্তমানে দুবাইয়ের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে নিরাপত্তার কারণে সরকারি নির্দেশে বহু জায়গায় রাস্তাঘাট প্রায় ফাঁকা। তবুও হোটেলের মধ্যেই নিরাপদে আছেন শুভশ্রী ও ইউভান।
মায়ের কাছে ইউভান ভালই রয়েছে বলে জানিয়েছেন তিনি। নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও যুদ্ধ পরিস্থিতিতে ভিন্দেশে আটকে পড়া অন্যান্য মানুষের কথাও ভাবছেন রাজ। তিনি জানিয়েছেন, তাঁর পরিবারের পাশাপাশি সেই সব মানুষদের জন্যও তিনি প্রার্থনা করছেন, যারা এই পরিস্থিতির কারণে দেশে ফিরতে পারছেন না। একই সঙ্গে দ্রুত যুদ্ধবিরতির আশাও প্রকাশ করেছেন তিনি।


