Toxic: ২৬ আগস্ট ‘টক্সিক’ দেখার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছেন। কিয়ারার বিরুদ্ধে যখন একের পর এক মন্তব্য আসছিল, তখনও সিদ্ধার্থ তাঁকে নেতিবাচক প্রতিক্রিয়ায় গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
যশ ও কিয়ারা আডবাণীর আসন্ন ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রাউন-আপস’ মুক্তির আগেই চর্চার কেন্দ্রে। ছবির ‘তাবাহি’ গান এবং ট্রেলারে যশ-কিয়ারার একাধিক ঘনিষ্ঠ দৃশ্য ইতিমধ্যেই নেটদুনিয়ায় বিতর্ক তৈরি করেছে। এর মাঝেই স্ত্রী কিয়ারার পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে নিজের সমর্থনের কথা জানালেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা।
‘তাবাহি’ গান প্রকাশের পর থেকেই যশ ও কিয়ারার রসায়ন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। গানে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত এবং রোম্যান্টিক দৃশ্য নিয়ে যেমন প্রশংসা এসেছে, তেমনই সোশ্যাল মিডিয়ার একাংশ থেকে কিয়ারাকে কটাক্ষের মুখেও পড়তে হয়েছে। ট্রেলার প্রকাশের পর সেই বিতর্ক আরও বাড়ে। বিশেষ করে বিয়ের পর কিয়ারা এমন দৃশ্যে অভিনয় করায় কিছু নেটিজেন প্রশ্ন তুলেছেন। তবে এই সমালোচনার মধ্যেই কিয়ারার পাশে দাঁড়িয়েছেন তাঁর স্বামী সিদ্ধার্থ। সম্প্রতি ‘টক্সিক’-এর ট্রেলার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কিয়ারার প্রশংসা করেন সিদ্ধার্থ। তাঁর বক্তব্যের সারমর্ম, কিয়ারার পরিশ্রম, নিষ্ঠা এবং অভিনয়ের প্রতি দায়বদ্ধতা ছবিতে স্পষ্ট হয়ে উঠবে। তিনি এটিকে কিয়ারার কেরিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবেও প্রশংসা করেছেন।
শুধু কিয়ারাই নন, ছবির গোটা টিমকেও শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধার্থ। ২৬ আগস্ট ‘টক্সিক’ দেখার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছেন। কিয়ারার বিরুদ্ধে যখন একের পর এক মন্তব্য আসছিল, তখনও সিদ্ধার্থ তাঁকে নেতিবাচক প্রতিক্রিয়ায় গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে অভিনেত্রী নিজেই জানিয়েছেন। কিয়ারার কথায়, সিদ্ধার্থ তাঁকে বোঝান যে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক মন্তব্য নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই। বরং যাঁরা তাঁদের সম্পর্কে ইতিবাচক কথা বলছেন, তাঁদের কথাতেই মন দেওয়া উচিত।
এদিকে বিতর্কের মধ্যে কিয়ারার পাশে দাঁড়িয়েছেন ‘টক্সিক’-এর নায়ক যশও। বেঙ্গালুরুতে ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি কিয়ারার কাজের প্রশংসা করেন এবং নেতিবাচক মন্তব্যে গুরুত্ব না দেওয়ার বার্তা দেন। যশের মতে, অভিনেতা হিসেবে কাজের সঙ্গে এমন প্রতিক্রিয়াও আসে। ফলে ‘টক্সিক’ মুক্তির আগেই ছবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। একদিকে যশ-কিয়ারার রসায়ন, অন্যদিকে বিতর্ক—সব মিলিয়ে দর্শকের নজর এখন ছবির মুক্তির দিকে। ‘টক্সিক’ ২৬ আগস্ট মুক্তির কথা রয়েছে।
