দিল্লির মিন্ত্রা উৎসবে এসে ছোটবেলার দীপাবলির কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী তৃপ্তি দিমরি…

অভিনেত্রী তৃপ্তি দিমরি দিল্লির মিন্ত্রার 'উৎসব' ইভেন্টে এসে নস্টালজিক হয়ে পড়েন। ছোটবেলার দীপাবলির স্মৃতি আর নিজের ফ্যাশন স্টাইল নিয়ে কথা বলতে গিয়ে তিনি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। মেটার সঙ্গে যৌথভাবে আয়োজিত এই তারকায় ভরা ফ্যাশন সন্ধ্যায় আর্ট কালেক্টর শালিনী পাসি এবং কোমল পান্ডে, সিদ্ধার্থ বাত্রা, কৃতিকা খুরানা ও দীক্ষা খুরানার মতো জনপ্রিয় ডিজিটাল ক্রিয়েটররা উপস্থিত ছিলেন।

মিন্ত্রা ক্রিয়েটর ক্লাবের ওপর এই ইভেন্টে বিশেষ জোর দেওয়া হয়। আল্টিমেট গ্ল্যাম ক্ল্যান এবং মিন্ত্রা স্টুডিওর মাধ্যমে শপার ও ফ্যাশনপ্রেমীরা এখন শপেবল কনটেন্ট তৈরি করে অ্যাফিলিয়েট কমিশনও আয় করতে পারবেন।

ছোটবেলার দীপাবলির স্মৃতি

'অ্যানিম্যাল' অভিনেত্রী অনুষ্ঠানে এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, ছোটবেলায় স্টেজে ওঠার ভয় কাটাতে তাঁর বাবা কীভাবে সাহায্য করতেন। তৃপ্তি বলেন, "এমন অনেক স্মৃতি রয়েছে। দীপাবলি আর দশেরা আমার সবচেয়ে প্রিয় উৎসব। ছোটবেলায় আমাদের হাউজিং সোসাইটিতে বাবা রামলীলার আয়োজন করতেন। আমি সেখানে অভিনয় করতাম। অনেক সময় ডায়লগ ভুলে যেতাম, তখন বাবা পর্দার আড়াল থেকে আমাকে ডায়লগ মনে করিয়ে দিতেন। তখন ঘুণাক্ষরেও ভাবিনি যে একদিন সত্যিই অভিনেত্রী হব। এই স্মৃতিটা আমার মনের খুব কাছের।"

তৃপ্তি উৎসবের দিনের খাওয়া-দাওয়া নিয়েও কথা বলেন। নিজের হাতে বেসনের লাড্ডু বানানোর সুপ্ত প্রতিভার কথাও তিনি ফাঁস করেন। তৃপ্তি জানান, "খাবারের কথা বললে, ভারতীয় মিষ্টি আমার দারুণ লাগে। জিলিপি আর বেসনের লাড্ডু আমার খুব প্রিয়। এখনও আমি একটা নিয়ম মেনে চলি। দীপাবলিতে মা বাড়িতেই মিষ্টি বানাতেন। এখন উৎসবের দিনে পরিবারের সঙ্গে না থাকলে, আমি নিজেই বেসনের লাড্ডু বানাই।"

ব্যক্তিগত স্টাইল ও আত্মবিশ্বাস

ফ্যাশন আইকন হিসেবে মানুষ তাঁকে অনুসরণ করে, এতে কি তিনি কোনও চাপ অনুভব করেন? এমন প্রশ্নের জবাবে তৃপ্তি বলেন, "আমার তা মনে হয় না।" তিনি বুঝিয়ে বলেন, ফ্যাশনের প্রত্যাশা পূরণের চেয়ে আত্মবিশ্বাস তাঁর কাছে বেশি জরুরি। তৃপ্তির কথায়, "সত্যি বলতে, আমি কখনও এই চাপটা নিই না। আপনি যা পরছেন, তাতে আপনাকে স্বচ্ছন্দ হতে হবে। আত্মবিশ্বাসটাই আসল, আর এটাই আপনার সেরা সাজ। আমার ব্যক্তিগত স্টাইল বরাবরই খুব সাধারণ। যে পোশাকে আমি আত্মবিশ্বাসী বোধ করি, সেটাই পরি। তাই ফ্যাশন নিয়ে আমার কোনও চাপ নেই।"

তিনি আরও বলেন, "অবশ্যই কোনও ইভেন্টে গেলে আপনি ভালো করে সাজতে চাইবেন, নিজেকে সেরা দেখাতে চাইবেন। কিন্তু ছুটির দিনে আমি ঢিলেঢালা শার্ট আর প্যান্ট পরতেই বেশি পছন্দ করি।"

ফ্যাশন, অভিনয় এবং মিন্ত্রা

'কলা' খ্যাত এই অভিনেত্রী তাঁর অভিনয় জীবনে ফ্যাশনের ভূমিকা এবং মিন্ত্রার সঙ্গে তাঁর যুক্ত হওয়া নিয়েও কথা বলেন। তৃপ্তি বলেন, "ফ্যাশন সবসময় বদলাচ্ছে। মিন্ত্রার মতো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুব খুশি। অভিনয়ে আসার পর থেকে এটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। যখনই কিছু কেনার দরকার হয়, মিন্ত্রাই প্রথম পছন্দ। এখানে এত ব্র্যান্ড আছে যে, একটা জিনিস কিনতে গিয়ে অনেক কিছু কেনা হয়ে যায়।"

নিজের কেনাকাটার অভ্যাস নিয়ে মজা করে তৃপ্তি বলেন, "আমি সবসময় একটা জিনিস কিনতেই যাই। চেষ্টা করি যাতে বেশি খরচ না হয়ে যায়। কিন্তু একবার অ্যাপে ঢুকলে নিজেকে আর আটকাতে পারি না। শেষমেশ কার্টে ১০-২০টা জিনিস জমেই যায়।"

আগামী প্রজেক্ট

কাজের দিক থেকে তৃপ্তি দিমরিকে সম্প্রতি নেটফ্লিক্সের 'মা বহেন'-এ দেখা গিয়েছে। আগামী দিনে সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্যান-ইন্ডিয়া অ্যাকশন-থ্রিলার 'স্পিরিট'-এ প্রভাসের বিপরীতে তাঁকে দেখা যাবে। (এএনআই)