সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ‘বিগ বস বাংলা’ রিয়্যালিটি শো নিয়ে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, এই শো-তে প্রতিযোগী হিসেবে অংশ নিতে পারেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত যদিও চূড়ান্ত তালিকা এখনও গোপন রাখা হয়েছে, তবে অগস্ট মাসেই শুটিং শুরু হওয়ার সম্ভাবনা।
বাংলা টেলিভিশনের অন্যতম প্রতীক্ষিত রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, আগামী অগস্ট থেকেই শুরু হতে পারে অনুষ্ঠানের শুটিং। যদিও এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শুটিংয়ের দিনক্ষণ বা প্রতিযোগীদের নাম ঘোষণা করেনি, তবুও সম্ভাব্য অংশগ্রহণকারীদের নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।

টলিপাড়ার অন্দরে শোনা যাচ্ছে, জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্ত-কে নাকি ‘বিগ বস বাংলা’-র প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এমনও গুঞ্জন রয়েছে যে, এই তারকা জুটি নাকি প্রাথমিকভাবে সম্মতিও জানিয়েছেন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত চ্যানেল বা দুই অভিনেতার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
শুধু যশ-নুসরতই নন, সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় উঠে এসেছে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের নামও। যদিও তিনিও এখনও প্রকাশ্যে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে ইন্ডাস্ট্রির বিভিন্ন মহলে এই সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে।
এর আগে শোনা গিয়েছিল, অভিনেত্রী ঊষসী চক্রবর্তী, অভিনেতা লোকনাথ দে, জীতু কমল, তিথি বসু-সহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পীকেও শোয়ে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তাঁদের অনেকেই নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
এর অন্যতম কারণ দুর্গাপুজোর সময়সূচি। কারণ, ‘বিগ বস বাংলা’-র শুটিং চলাকালীন প্রতিযোগীদের দীর্ঘ সময় মুম্বইয়ের বাড়ির মধ্যেই থাকতে হবে। আর দুর্গাপুজোর সময়ে কলকাতার তারকাদের জন্য বিজ্ঞাপন, পুজোর উদ্বোধন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে উল্লেখযোগ্য আয়ের সুযোগ থাকে। সেই কারণেই অনেকেই এই সময় দীর্ঘদিনের জন্য বাইরে থাকতে রাজি হননি বলে সূত্রের খবর।
যেহেতু অগস্টেই শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই জুলাই মাসের মধ্যেই প্রতিযোগীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে নির্মাতারা পুরো বিষয়টিই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পরিচালনা করছেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল ‘বিগ বস বাংলা’-র। অনুষ্ঠানের সঞ্চালকের আসনে দেখা যাবে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়-কে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে ‘বিগ বস’ তাঁর কাছে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।
এই প্রসঙ্গে সৌরভ বলেছিলেন, “এমন অনুষ্ঠান এই প্রথম সঞ্চালনা করতে চলেছি। আগামী অগস্ট থেকে শুরু হয়ে প্রায় ছ'মাস চলবে। এখানে বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখ প্রতিযোগী হিসেবে অংশ নেবেন। তাঁদের সঙ্গে সময় কাটানো এবং অনুষ্ঠান পরিচালনা করা অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। তবে আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। প্রস্তুতি নেব, মহড়া দেব এবং আশা করছি দর্শকদের নিরাশ করব না।”
এখন দেখার, জল্পনাই শেষ পর্যন্ত সত্যি হয় কি না। যশ-নুসরত বা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মতো পরিচিত মুখেরা সত্যিই ‘বিগ বস বাংলা’-র ঘরে প্রবেশ করেন, নাকি চমক হিসেবে সামনে আসে আরও নতুন কোনও নাম।
