আপ পঞ্জাবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বলে দাবি করলেন সাংসদ সঞ্জয় সিং। পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালকে হুমকির নেপথ্যে বিজেপিকে দুষেছেন তিনি।
আম আদমি পার্টি (আপ) পঞ্জাবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বলে বৃহস্পতিবার আত্মবিশ্বাস প্রকাশ করেছেন রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং।
মুম্বইয়ে শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রীতে তাঁর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় বলেন, আপ সরকার পঞ্জাবে বহু উদ্যোগ নিয়েছে। তাঁর আশা, মানুষ ফের তাঁদেরই সমর্থন করবেন। আগামী ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। ওই নির্বাচনে বিজেপি, কংগ্রেস এবং ক্ষমতাসীন আপের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
সঞ্জয় সিং বলেন, "আম আদমি পার্টি পঞ্জাবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে। আমরা শিক্ষা, বিদ্যুৎ ও জল পরিষেবা নিয়ে কাজ করেছি। সেখানে মা-বোনেদের জন্য ১০০০ ও ১৫০০ টাকার প্রকল্প চালু করেছি।" তিনি আরও বলেন, "আমরা ১০ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা প্রকল্পও এনেছি, যার সুবিধা মানুষ পাবেন। আম আদমি পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে।"
পাশাপাশি নির্বাচনের আগে পঞ্জাবের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টার জন্য তিনি ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) কাঠগড়ায় তুলেছেন। আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে হুমকি দেওয়ার পিছনে বিজেপি নেতাদেরই হাত রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এক্স-এ (সাবেক টুইটার) আপ সাংসদ লিখেছেন, "নির্বাচনের আগে পঞ্জাবের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে বিজেপি এই সব কৌশল অবলম্বন করছে। বিজেপি নেতারা তাঁদের সাগরেদকে দিয়ে @ArvindKejriwal-কে হুমকি ফোন করিয়েছেন। বিজেপির লোকজন, এই সব খেলা খেলবেন না। @ArvindKejriwal যদি আপনাদের বসের কাছেই ভয় না পান, তাহলে এই সব সারমেয়দের দেখে ভয় পাবেন কেন?"
<br>পঞ্জাব পুলিশ জানিয়েছে, কেজরিওয়ালকে খুনের হুমকি দেওয়া হয়েছে এবং লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করা এক ব্যক্তি তাঁর কাছে ৭ কোটি টাকা মুক্তিপণ চেয়েছে। পুলিশের মতে, তিলক নগরের বিধায়ক জারনাইল সিং একটি হুমকি ফোন ও হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছেন। সেখানে অভিযুক্ত নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করে কেজরিওয়ালের কাছে ৭ কোটি টাকা চেয়েছে। টাকা না দিলে তাঁকে এবং তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে খুন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।</p><div type="dfp" position=3>Ad3</div><p>বিধায়কের অভিযোগের ভিত্তিতে মোহালি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ও তথ্যপ্রযুক্তি আইনের (আইটি অ্যাক্ট) সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে। সাইবার ক্রাইম থানার ইনস্পেক্টর সুনীল কুমারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।</p>














