Anti Terrorism Conference: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়াদিল্লিতে ষষ্ঠ সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনের উদ্বোধন করবেন। এই সম্মেলনে প্রবীণ নিরাপত্তা আধিকারিক এবং বিশেষজ্ঞদের সঙ্গে সন্ত্রাস দমনের কৌশল, উদীয়মান প্রযুক্তি এবং সন্ত্রাসের বাস্তুতন্ত্র ধ্বংস করার বিষয়ে আলোচনা হবে।

Anti Terrorism Conference: নয়াদিল্লিতে সন্ত্রাসবিরোধী সম্মেলন ২০২৬-এ ভাষণ দেবেন অমিত শাহ। আগামী ১৯ নভেম্বর, নয়াদিল্লিতে 'সীমান্তপারের সন্ত্রাসবাদ' নিয়ে আয়োজিত সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলন ২০২৬-এ ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Anti Terrorism Conference)। দু'দিনের এই ষষ্ঠ সম্মেলনের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি গত বছরের সম্মেলনে গৃহীত প্রস্তাব এবং সুপারিশগুলির কতটা অগ্রগতি হয়েছে, তার পর্যালোচনাও করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এই সম্মেলনের আয়োজন করছে।

দিল্লিতে আয়োজিত হচ্ছে সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলন, বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এই সম্মেলনে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এবং বান্দি সঞ্জয় কুমার। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, র-এর সচিব, এনআইএ-র ডিরেক্টর জেনারেল-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শীর্ষ পুলিশ আধিকারিক, সন্ত্রাস দমন নিয়ে কাজ করা কেন্দ্রীয় সংস্থা ও বিভাগের আধিকারিক এবং আইন, ফরেনসিক ও প্রযুক্তির মতো সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরাও সম্মেলনে অংশ নেবেন বলে খবর। মূলত, আলোচনা হবে সন্ত্রাস দমনের অভিজ্ঞতা এবং উদীয়মান প্রযুক্তি ব্যবহারের উপর। সেই সঙ্গে আন্তর্জাতিক আইনি সহযোগিতার ব্যবস্থা উন্নত করা এবং গোটা ভারতে সক্রিয় সন্ত্রাসের ইকোসিস্টেম ভেঙে দেওয়ার কৌশল নিয়েও আলোচনা হবে।

গত বছরের সন্ত্রাসবিরোধী সম্মেলনে সন্ত্রাসবাদের মোকাবিলায় একটি বিশেষ কৌশল নিয়ে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্থা এবং পুলিশ বাহিনীর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছিল। বিশেষ করে, সাইবার ক্রাইম এবং আর্থিক সন্ত্রাসের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছিল। ভারতের সন্ত্রাসবিরোধী ক্ষমতা বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হয়, যা একটি মডেল এটিএস কাঠামোর উপর দাঁড়িয়ে থাকবে। এর উদ্দেশ্য হল, কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা এবং তদন্তকারী সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাড়ানো এবং রিয়েল-টাইমে তথ্য আদান-প্রদান করা।

কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে?

গত পঞ্চম সম্মেলনে কেন্দ্রীয় সরকার যেকোনও ধরনের সন্ত্রাসবাদের প্রতি তাদের 'জিরো টলারেন্স' নীতি নেওয়া হয়েছিল। সেইসঙ্গে, দেশের সন্ত্রাসবাদ বিরোধী পরিকাঠামো শক্তিশালী করার প্রতিশ্রুতিও নেওয়া হয়েছিল। গত বছর, সম্মেলনে ভাষণ দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সন্ত্রাস দমনের ক্ষমতা বাড়াতে রাজ্যগুলিকে দ্রুত অভিন্ন অ্যান্টি-টেরর স্কোয়াড (এটিএস) কাঠামো বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন। তিনি জোর দিয়ে বলেছিলেন যে, সারা দেশে যদি শক্তিশালী এবং অভিন্ন পরিকাঠামো না থাকে, তাহলে গোয়েন্দা তথ্যের সঠিক ব্যবহার এবং কার্যকরভাবে পাল্টা পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।

গত সম্মেলনে তদন্ত থেকে প্রাপ্ত শিক্ষা, জঙ্গি মডিউল আগে থেকেই ভেঙে দেওয়া এবং বামপন্থী চরমপন্থা, উত্তর-পূর্বাঞ্চলের মতো বিভিন্ন জাতীয় নিরাপত্তা হুমকির মোকাবিলায় নেওয়া পদক্ষেপের উপর আলোকপাত করা হয়েছিল। ডিপফেক এবং হাইব্রিড যুদ্ধের মতো নতুন নিরাপত্তা হুমকিগুলি নিয়ে আলোচনা এবং মূল্যায়নের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছিল গতবারের সম্মেলন। সেই সঙ্গে সিটি (CT) তদন্তে ডিজিটাল ফরেনসিক এবং ডেটা অ্যানালিসিসের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। সন্ত্রাসে অর্থায়ন, সামুদ্রিক সন্ত্রাসবাদ, অবৈধ পাচার এবং সন্ত্রাস দমন সংক্রান্ত আইনের বিবর্তন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।