Bank Holiday: নভেম্বরের শুরুতেই কি বড় ধাক্কা অপেক্ষা করছে ব্যাঙ্কের গ্রাহকদের জন্য? মাসজুড়ে একের পর এক উৎসব, তার উপর সাপ্তাহিক ছুটি! কোন কোন তারিখে থাকবে এই ব্যাঙ্কের ছুটি?

Bank Holiday: নতুন মাস শুরু হতে আর দেরি নেই। নভেম্বর মাসে ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকলে আগেভাগেই ছুটির তালিকা দেখে নেওয়া জরুরি। কারণ, আগামী মাসে দীপাবলি, ভাইফোঁটা, ছটপুজো এবং গুরু নানক জয়ন্তী-সহ একাধিক উৎসবের কারণে দেশের বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা। ইতিমধ্যেই নভেম্বর ২০২৬-এর ছুটির ক্যালেন্ডার প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। তবে সব রাজ্যে একই দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে না। স্থানীয় উৎসব ও আঞ্চলিক অনুষ্ঠান অনুযায়ী ছুটির তারিখ আলাদা হতে পারে।

নভেম্বরে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?

প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ৯ নভেম্বর দীপাবলি, লক্ষ্মীপুজো ও গোবর্ধন পুজো উপলক্ষে ত্রিপুরা, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, সিকিম, মণিপুর, রাজস্থান এবং উত্তরপ্রদেশের একাধিক এলাকায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১০ নভেম্বর দীপাবলি ও বিক্রম সংবৎ নববর্ষ উপলক্ষে গুজরাত, মহারাষ্ট্র, কর্নাটক, উত্তরাখণ্ড ও সিকিমে ব্যাঙ্কের পরিষেবা বন্ধ থাকবে।

১১ নভেম্বর লক্ষ্মীপুজো, ভাইফোঁটা ও ভাইদুজ উপলক্ষে পশ্চিমবঙ্গ-সহ সিকিম, মণিপুর, উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৩ নভেম্বর মেঘালয়ে ওয়াঙ্গালা উৎসবের জন্য ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। ১৬ নভেম্বর বিহার ও ঝাড়খণ্ডে ছটপুজো উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

এ ছাড়াও ২০ নভেম্বর উত্তরাখণ্ডে ইগাস-বাগওয়াল, ২৩ নভেম্বর মেঘালয়ে সেং কুট স্নেম এবং ২৪ নভেম্বর গুরু নানক জয়ন্তী ও কার্তিক পূর্ণিমা উপলক্ষে একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৭ নভেম্বর কর্নাটকে কনকদাস জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।

সাপ্তাহিক ছুটিও মাথায় রাখুন

উৎসবের ছুটির পাশাপাশি নভেম্বর মাসে ১, ৮, ১৫, ২২ ও ২৯ নভেম্বর রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া ১৪ নভেম্বর দ্বিতীয় শনিবার এবং ২৮ নভেম্বর চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা।

তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও সাধারণত UPI, ATM, মোবাইল ব্যাঙ্কিং এবং ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। তাই শাখায় গিয়ে যে কাজগুলি করতে হবে, সেগুলি ছুটির আগেই সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।