BJP Announce Rajya Sabha Election Candidates: রাজ্যসভার আসন্ন নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। বিহার থেকে দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনকে মনোনয়ন করল গেরুয়া শিবির।

BJP Announce Rajya Sabha Election Candidates: রাজ্যসভার আসন্ন নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। বিহার থেকে দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনকে মনোনয়ন করল গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গ থেকে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা-কে পাঠাচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির টিকিটে বেশ কয়েকটি নাম নিয়ে জল্পনা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞ, দীর্ঘদিন ধরে রাজ্যে দলের হয়ে লড়াই করা রাহুল সিনহাকেই সংসদের উচ্চকক্ষে পাঠাচ্ছে বিজেপি। দিলীপ ঘোষের আগে বঙ্গ বিজেপির সভাপতি ছিলেন রাহুল সিনহা। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হওয়ার সময় রাহুল সিনহাই বঙ্গ বিজেপির সভাপতি ছিলেন। গতবার বিধানসভা ভোটে হাবরা থেকে হেরে গিয়েছিলেন রাহুল। কখনও ভোটে জিততে না পারলেও দলের কঠিন সময় পাশে থাকা ও সুসংগঠক হওয়ার পুরস্কার এবার রাহুলের রাজ্য়সভায় যাওয়া নিশ্চিত।

শমীকের পর রাহুল- আদি বিজেপি নেতারা দলে গুরুত্ব পাচ্ছেন

বঙ্গ বিজেপির সবচেয়ে পুরনো দুই মুখ হিসাবে শমীক ভট্টাচার্য ও রাহুল সিনহা-র নাম বারবার ওঠে। শমীককে দলের রাজ্য় সভাপতি করার পাশাপাশি রাজ্য়সভায় পাঠিয়েছে বিজেপি। আর এবার রাহুল সিনহাকে রাজ্য়সভায় পাঠিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিল দলের পুরনো নেতাদের যোগ্য সম্মান দেওয়া হচ্ছে।

কোথায় কে বিজেপি প্রার্থী

নীতীশ, রাহুলদের পাশাপাশি অসমের দুটি আসনে থেকে রাজ্যের মন্ত্রী যোগেন মোহন ও বিধায়ক তেরাশ গোয়াল্লা, ছত্তিশগড় থেকে লক্ষ্মী ভার্মা, হরিয়ানা থেকে সঞ্জয় ভাটিয়া, ওড়িশা থেকে মনমোহন সামল ও সুজিত কুমারের নাম রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী হিসাবে বেছে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।বিহার থেকে অপর এক রাজ্যসভা আসনে প্রার্থী হলেন রাজ্যের প্রাক্তন বিধায়ক শিবেশ কুমার। গত লোকসভায় সাসারাম থেকে লডড়ে হেরে গিয়েছিলেন শিবেশ। আগামী ১৬ মার্চ দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভা আসনের জন্য ভোটগ্রহণ হবে। নির্বাচিত সদস্যরা এপ্রিল থেকে ৬ বছরের মেয়াদ শুরু করবেন।

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থীরা

প্রসঙ্গত, বাংলা থেকে রাজসভার চারটি আসনের জন্য প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমার, রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীর নাম মনোনয়ন করেছে তৃণমূল।