Flydubai Pilot Captain Smit Machchhar: বুধবার থেকে ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। তিনি ছুরিকাঘাতে রক্তাক্ত হলেও, সম্ভাব্য বিমান ছিনতাই রুখে দিয়েছেন। সারা ভারতের পাশাপাশি ইজরায়েলও (Israel) এই পাইলটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

DID YOU
KNOW
?
ভারতের গর্ব স্মিত
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর সারা দেশের গর্ব হয়ে উঠেছেন। ইজরায়েলও তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।

Captain Smit Machchhar: সম্ভাব্য বিমান ছিনতাই রুখে দিয়ে ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচানোর জন্য ফ্লাইদুবাইয়ের (Flydubai) ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে কুর্ণিশ জানালেন বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag), যুবরাজ সিং-সহ (Yuvraj Singh) একাধিক ভারতীয় ক্রীড়াবিদ। বুধবার মাঝ আকাশে সহ-পাইলটের হামলায় গুরুতর জখম হন ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত। কিন্তু রক্তাক্ত অবস্থাতেও ককপিটের দরজা খুলে দিয়ে যাত্রী ও ক্রুদের হস্তক্ষেপের সুযোগ করে দেন তিনি। তাঁর এই সাহসিকতায় মুগ্ধ সারা দেশ। ফ্লাইট এফজেড১০৭৩-এর (Flight FZ1073) সম্ভাব্য ছিনতাইয়ের ঘটনা রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই ভারতীয় পাইলট। গুরুতর আহত হয়েও নিজের প্রাণের কথা না ভেবে যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেন। তাঁর সাহসিকতা ও তৎপরতায় মুগ্ধ সেহওয়াগ, যুবরাজরা।

ছুরির আঘাতে জখম স্মিত

বুধবার দুবাই থেকে তেল আভিভ (Dubai-Tel Aviv Flight) যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের বিমানটি। উড়ানের প্রায় দু’ঘণ্টা পর বিমানে জরুরি পরিস্থিতির সংকেত পাঠানো হয়। প্রথমে ৭৭০০ কোড পাঠানো হয়। যা সাধারণ জরুরি পরিস্থিতির ইঙ্গিত। এরপর পাঠানো হয় ৭৫০০ কোড। যা সম্ভাব্য বিমান ছিনতাই বা বেআইনি হস্তক্ষেপের সংকেত। পরে জানা যায়, জরুরি পরিস্থিতির সূত্রপাত হয়েছিল ককপিটের ভিতরেই। ওমানের নাগরিক সহ-পাইলটের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্মিত। অভিযোগ, সেই সময় সহ-পাইলট তাঁকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করেন। ইজরায়েলি আধিকারিকদের দাবি, সহ-পাইলট বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার এবং সেটিকে আছড়ে ফেলার চেষ্টা করছিলেন। একাধিকবার ছুরিকাহত হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হলেও, হাল ছাড়েননি স্মিত। তিনি প্রথমে জরুরি সংকেত পাঠান। এরপর ককপিটের দরজা খুলে দেন। সেই দরজা খোলার সিদ্ধান্তই পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। যাত্রী ও ক্রু সদস্যরা ককপিটে ঢুকে সহ-পাইলটকে কাবু করার সুযোগ পান। তাঁদের মধ্যে ছিলেন দন্ত চিকিৎসক ডক্টর শোটা মুসায়েভ। গুরুতর আহত অবস্থায় মেঝেতে পড়ে থাকা স্মিতকে তিনি প্রাথমিক চিকিৎসা দেন। এরপর বিমানে যাত্রী হিসেবে থাকা ফ্লাইদুবাইয়ের আরও দুই অফ-ডিউটি পাইলট দায়িত্ব নেন। বিমানটির গতিপথ ঘুরিয়ে দেওয়া হয় সৌদি আরবের (Saudi Arabia) তাবুকের দিকে। সেখানেই জরুরি অবতরণ করে বিমানটি। স্মিতকে তাবুকের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অস্ত্রোপচারও করা হয়। পরে হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁর অবস্থা স্থিতিশীল। বিমানের যাত্রী এবং বাকি ক্রু সদস্যদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

Scroll to load tweet…

স্মিতকে কুর্ণিশ সারা দেশের

এই ঘটনার খবর ভারতে এসে পৌঁছতেই স্মিতের সাহসিকতার প্রশংসায় সরব হন দেশের ক্রীড়াবিদরা। সোশ্যাল মিডিয়া পোস্টে স্মিতের অসাধারণ সাহসিকতার প্রশংসা করে সেহওয়াগ লেখেন, ‘তাঁর অসাধারণ সাহস ১৭৪টি প্রাণ বাঁচিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মুখেও, গুরুতর আহত অবস্থায় তিনি অন্যদের জীবন রক্ষায় যে সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন, তা অভূতপূর্ব। ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে নিয়ে গর্বিত ভারত।’ পাশাপাশি দ্রুত সুস্থতার জন্য প্রার্থনাও করেন সেহওয়াগ। যুবরাজও স্মিতের সাহসিকতার প্রশংসা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘কিছু মুহূর্তেই বোঝা যায় একজন মানুষ আসলে কী দিয়ে তৈরি। ভয়াবহ বিপদের মুখে ক্যাপ্টেন স্মিত মচ্ছর অসাধারণ সাহস দেখিয়েছেন। গুরুতর আহত হয়েও নিজের আগে অন্যদের জীবনকে গুরুত্ব দিয়েছেন তিনি।’ স্মিতের সাহসিকতার প্রশংসা এসেছে ক্রীড়াজগতের বাইরে থেকেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও (Israeli Prime Minister Benjamin Netanyahu) জরুরি পরিস্থিতিতে তাঁর ভূমিকার প্রশংসা করেছেন।

Scroll to load tweet…

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।