ভারতের সামরিক ও অর্থনৈতিক শক্তি বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন চিন। আর সেই কারণেই পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগতভাবে সাহায্য করে ভারতের উত্থান রোখার চেষ্টা করছে বেজিং! এমনই বিস্ফোরক পর্যবেক্ষণ উঠে এল মার্কিন কংগ্রেসের অধীন একটি কমিশনের রিপোর্টে। রিপোর্ট অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে পাকিস্তানের অস্ত্র আমদানির ৮১ শতাংশই এসেছে চিন থেকে।

ভারতের সামরিক ও অর্থনৈতিক শক্তি বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন চিন। আর সেই কারণেই পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগতভাবে সাহায্য করে ভারতের উত্থান রোখার চেষ্টা করছে বেজিং! এমনই বিস্ফোরক পর্যবেক্ষণ উঠে এল মার্কিন কংগ্রেসের অধীন একটি কমিশনের রিপোর্টে। ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাত এবং অপারেশন সিঁদুরের সময় চিনের ভূমিকা নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে ওই রিপোর্টে। US-China Economic and Security Review Commission-এর ২০২৬ সালের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চিন। তবে সরাসরি সংঘাতে না জড়িয়েও কীভাবে ইসলামাবাদের পাশে দাঁড়ানো যায়, সেই কৌশলই কাজে লাগিয়েছে বেজিং।

রিপোর্ট অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে পাকিস্তানের অস্ত্র আমদানির ৮১ শতাংশই এসেছে চিন থেকে। অর্থাৎ, পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ বেজিং। অপারেশন সিঁদুরের সময় চিনা প্রযুক্তির যুদ্ধাস্ত্র ব্যবহার করেছিল পাকিস্তান। শুধু তাই নয়, চিনের Chengdu Aircraft Design and Research Institute-এর ইঞ্জিনিয়ার ঝাং হেং ২০২৬ সালের মে মাসে চিনের সরকারি সংবাদমাধ্যম CCTV-কে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করেন, সংঘাত চলাকালীন পাকিস্তানে চিনা প্রযুক্তিবিদদের একটি দল উপস্থিত থেকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল।

সাইবার হামলা থেকে রাফালকে নিশানা!

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, অপারেশন সিঁদুরের সময় ভারতের সরকারি তথ্যপ্রযুক্তি ব্যবস্থা, টেলিকমিউনিকেশন এবং ডিজিটাল পরিষেবায় বড়সড় DDoS সাইবার হামলার চেষ্টা হয়েছিল। এই হামলার পিছনে চিনা যোগ থাকার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। যদিও হামলাগুলির উৎস স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি কমিশন। এছাড়া ভারতের রাফাল যুদ্ধবিমানকে দুর্বল প্রমাণ করতে অনলাইন প্রচার চালানো হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। অন্যদিকে চিনের তৈরি J-10 যুদ্ধবিমানের সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হয়।

সীমান্ত থেকে ভারত মহাসাগর, একাধিক দিকে চাপ বাড়াচ্ছে চিন

শুধু পাকিস্তানকে সাহায্য করাই নয়, ভারতের সঙ্গে সীমান্তেও সামরিক পরিকাঠামো বাড়াচ্ছে চিন। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বিমানঘাঁটি, রেলপথ এবং সামরিক রসদ পরিবহণের পরিকাঠামো তৈরি করছে বেজিং। অরুণাচল প্রদেশের কাছেও চিনের পরিকাঠামোগত তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন কমিশন। ভারত মহাসাগরেও নিজেদের প্রভাব বাড়াচ্ছে চিন। জিবুতি, গদর, হাম্বানটোটা এবং চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বন্দর ও সামরিক রসদ সরবরাহের পরিকাঠামো গড়ে তোলার বিষয়টি রিপোর্টে উঠে এসেছে। চিনা নজরদারি ও গবেষণামূলক জাহাজের গতিবিধি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ভারতের অর্থনীতিতেও চাপ তৈরির চেষ্টা?

মার্কিন কমিশনের রিপোর্টে বলা হয়েছে, ভারতের শিল্প ও উৎপাদন ক্ষেত্রের উপর চাপ তৈরির জন্য চিন অর্থনৈতিক কৌশলও ব্যবহার করছে। বিশেষ সার, টানেল বোরিং মেশিন, রেয়ার আর্থ ম্যাগনেট এবং ব্যাটারি প্রযুক্তির সরবরাহ ও অনুমোদনের ক্ষেত্রে বিধিনিষেধের কথা উল্লেখ করা হয়েছে। এতে ভারতের ইলেকট্রনিক্স, ওষুধ এবং পরিচ্ছন্ন শক্তি উৎপাদন শিল্পের উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কমিশন।

ভারতের পাশে আমেরিকা? কী প্রস্তাব মার্কিন কমিশনের

এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়ানোর সুপারিশ করেছে মার্কিন কমিশন। বিশেষ করে চিনের নৌবাহিনী ও সাবমেরিনের গতিবিধির উপর নজরদারি, গোয়েন্দা তথ্য আদানপ্রদান এবং ভারত মহাসাগরে যৌথ নজরদারির উপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিরক্ষা, ব্যবসা, প্রশাসন এবং শিক্ষাক্ষেত্রের ভবিষ্যৎ নেতৃত্বের মধ্যে যোগাযোগ বাড়াতে Indo-American Strategic Leadership Exchange Program চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে রিপোর্টে ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, আমেরিকার সঙ্গে সম্পর্ক মজবুত হলেও আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত নিজের জাতীয় স্বার্থ ও স্বাধীন বিদেশনীতি বজায় রাখবে। সব মিলিয়ে, অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে চিন-পাকিস্তান সামরিক সম্পর্ক এবং ভারতের ক্রমবর্ধমান শক্তি নিয়ে মার্কিন কমিশনের এই রিপোর্ট আন্তর্জাতিক কূটনীতি ও প্রতিরক্ষা মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।