DA Hike: ১৮ শতাংশ ডিএ বাড়ছে ৮৫ হাজার সরকারি কর্মচারীর, ৪২% থেকে বেড়ে হবে ৬০%
সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। প্রায় ৮৫ হাজার সরকারি কর্মীর মহার্ঘ ভাতা বা DA ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে পঞ্জাব সরকার। কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পঞ্জাবের সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। প্রায় ৮৫ হাজার সরকারি কর্মীর মহার্ঘ ভাতা বা DA ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে পঞ্জাব সরকার। কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্জাব সরকারের ক্যাবিনেট মন্ত্রী আমন অরোরা শুক্রবার এই ঘোষণা করেন। তিনি জানান, ১৭ জুলাই ২০২০ সালের পর যারা সরকারি চাকরিতে যোগ দিয়েছেন, মূলত তাঁদেরই এই DA বৃদ্ধির আওতায় আনা হবে। বর্তমানে এই কর্মীরা কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের বেতন কাঠামো অনুযায়ী বেতন পেলেও DA পাচ্ছেন পঞ্জাব সরকারের হারে, অর্থাৎ ৪২ শতাংশ। নতুন প্রস্তাব কার্যকর হলে তাঁদের DA বেড়ে ৬০ শতাংশ হবে।

২০২০ সালের ১৭ জুলাইয়ের পর পঞ্জাবে নতুন নিয়োগ পাওয়া কর্মীদের বেতন কাঠামোতে পরিবর্তন আনা হয়েছিল। তাঁদের সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের পে ম্যাট্রিক্স অনুযায়ী তুলনামূলক কম এন্ট্রি-লেভেল বেসিক পে দেওয়া হয়। কিন্তু তাঁদের DA হিসাব করা হচ্ছিল পঞ্জাব সরকারের ৪২ শতাংশ হারে। ফলে একই রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে বেতন ও DA নিয়ে একটি বৈষম্য তৈরি হয়েছিল। এই বৈষম্য দূর করতেই নতুন প্রস্তাব আনা হয়েছে বলে জানিয়েছেন আমন অরোরা।
মন্ত্রী এটিকে কর্মীদের জন্য ‘জন্মাষ্টমীর উপহার’ বলে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, ২০২০ সালের জুলাইয়ের আগে এবং পরে নিয়োগ পাওয়া কর্মীদের মধ্যে যে পার্থক্য তৈরি হয়েছিল, তা আর উপেক্ষা করা সম্ভব ছিল না।
এই প্রস্তাব কার্যকর হলে ১৭ জুলাই ২০২০ সালের পর নিয়োগ পাওয়া প্রায় ৮৫ হাজার কর্মী ৪২ শতাংশের পরিবর্তে ৬০ শতাংশ DA পাবেন। শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দফতরের কর্মীরা এর ফলে উপকৃত হবেন। পঞ্জাব সরকারের হিসাব অনুযায়ী, এই DA বৃদ্ধির ফলে রাজ্যের অতিরিক্ত আর্থিক দায় বছরে প্রায় ৯০০ কোটি টাকা হতে পারে।
DA বাড়ানোর সিদ্ধান্তটি তিন সদস্যের ক্যাবিনেট সাব-কমিটি নিয়েছে। এই কমিটিতে ছিলেন অর্থমন্ত্রী হরপাল সিং চিমা, শিল্প ও বাণিজ্যমন্ত্রী আমন অরোরা এবং সামাজিক নিরাপত্তামন্ত্রী বলজিৎ কৌর। এখন সেই সুপারিশ মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছে পাঠানো হবে। তাঁর চূড়ান্ত অনুমোদনের পরই সিদ্ধান্তটি কার্যকর হওয়ার পথ পরিষ্কার হবে।
এরই মধ্যে পঞ্জাবের সরকারি কর্মীদের একাংশ দীর্ঘদিন ধরে বকেয়া DA কিস্তি ও এরিয়ার মেটানোর দাবিতে আন্দোলন করছেন। কর্মী সংগঠনগুলি অভিযোগ করেছে, এখনও বিপুল পরিমাণ DA বকেয়া রয়েছে। প্রায় তিন লক্ষেরও বেশি কর্মী বকেয়া DA কিস্তি ও এরিয়ার মেটানোর দাবি জানাচ্ছেন। ৮ সেপ্টেম্বর থেকে তাঁরা গণছুটির কর্মসূচিও ঘোষণা করেছেন। ফলে নতুন করে ৮৫ হাজার কর্মীর DA বাড়ানোর প্রস্তাব রাজনৈতিক ও প্রশাসনিক—দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পঞ্জাব সরকার অবশ্য জানিয়েছে, রাজ্যের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে সমস্ত বকেয়া একসঙ্গে মেটানো সম্ভব নয়। DA-এর বকেয়া নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে।