আট বছরের পুরনো একটি মানহানির মামলায় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির সাকেত আদালত। বারবার সমন পাঠানো সত্ত্বেও তিনি আদালতে হাজিরা না দেওয়ায় এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

আদালতে হাজিরা না দেওয়ায় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে একটি আট বছরের পুরনো অপরাধমূলক মানহানির মামলায় জামিন অযোগ্য পরোয়ানা (এনবিডব্লিউ) জারি করেছে দিল্লির আদালত। সাকেত আদালত এই পরোয়ানা জারি করেছে। এর আগে ১৭ অক্টোবর তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হলেও তা কার্যকর করা যায়নি। আগামী ৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

গ্রেফতারি পরোয়ারা জারির কারণ

২০১৮ সালের মে মাসে ধ্রুব রাঠির আপলোড করা একটি ভিডিওর ভিত্তিতে বিকাশ সাংকৃত্যায়ন (যিনি বিকাশ পান্ডে নামেও পরিচিত) এই মানহানির মামলাটি দায়ের করেন। ওই ভিডিওতে রাঠী দাবি করেছিলেন, তাঁকে কালিমালিপ্ত করার জন্য ভারতীয় জনতা পার্টির (BJP) আইটি সেল পান্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল। ভিডিওটি পরে রাঠির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা হয় এবং দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেটি রিটুইট করেন। এরপরই ওই ভিডিওর অভিযোগ এবং সেটি ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে রাঠী এবং কেজরিওয়াল, দু'জনের বিরুদ্ধেই অপরাধমূলক মানহানির মামলা শুরু করেন পান্ডে।

২০১৯ সালের জুলাই মাসে প্রথমবার রাঠিকে তলব করেছিল আদালত। কিন্তু গত কয়েক বছর ধরে বারবার চেষ্টা সত্ত্বেও তাঁকে সমন পাঠানোর প্রক্রিয়া সফল হয়নি। আগের একটি শুনানিতে আদালতকে জানানো হয়েছিল যে, গুরগাঁওয়ে রাঠর বাড়িতে সমন দিতে গিয়ে দেখা যায় বাড়িটিতে তালা ঝুলছে।

অভিযোগকারী দ্রুত এই আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আদালতের কাছে আবেদন করেন। তিনি জানান, ধ্রুব মূলত বিদেশে থাকেন বলেই তাঁকে বারবার সমন পাঠানোর চেষ্টা ব্যর্থ হচ্ছে। সমন পাঠানোর কাজ সহজ করতে আদালত অভিযোগকারীকেও সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যাওয়ার অনুমতি দিয়েছিল।

পরবর্তী শুনানি

এরপর গত ১৭ অক্টোবর আদালত রাঠির বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করে। কিন্তু সেটি কার্যকর না হওয়ায়, এবার জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হল। আগামী ৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।