অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরিতে বিধানসভা ভোট শেষ হওয়ায় আদর্শ আচরণবিধি তুলে নিল নির্বাচন কমিশন। তবে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে এই বিধি এখনই উঠছে না। সেখানে ফের ভোটের নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার ভারতের নির্বাচন কমিশন (ECI) জানিয়ে দিল যে অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে আদর্শ আচরণবিধি (MCC) তুলে নেওয়া হচ্ছে। এই রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আদর্শ আচরণবিধি তুলে নেওয়া হলঃ কমিশন

নির্বাচন কমিশনের তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা ভোটের ফলাফল ঘোষণা করার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি তুলে নেওয়া হল। কমিশন জানিয়েছে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন থেকে এই বিধি চালু হয় এবং ভোট প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত তা জারি থাকে।

বিবৃতিতে বলা হয়েছে, “যেহেতু অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ২৬-এর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে, তাই আদর্শ আচরণবিধি অবিলম্বে তুলে নেওয়া হল। এর পাশাপাশি গুজরাট, কর্নাটক, মহারাষ্ট্র, নাগাল্যান্ড এবং ত্রিপুরার বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।”

বাদ ফলতা

তবে, কমিশন স্পষ্ট করে দিয়েছে যে পশ্চিমবঙ্গের ১৪৪-ফলতা বিধানসভা কেন্দ্রে এই বিধি এখনই উঠছে না। কারণ, সেখানে কমিশন নতুন করে ভোটের নির্দেশ দিয়েছে।

এর আগে কমিশন জানিয়েছিল, আগামী ২১ মে ফলতা বিধানসভার ২৮৫টি পোলিং স্টেশনেই নতুন করে ভোটগ্রহণ হবে। অন্যদিকে, পশ্চিম মগরাহাট এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলতায় নতুন ভোটের গণনা হবে ২৪ মে।

নির্বাচন কমিশনের মতে, “২৯ এপ্রিল ভোটের দিন বহু পোলিং স্টেশনে ব্যাপক নির্বাচনী বেনিয়ম এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টার” অভিযোগ খতিয়ে দেখেই ফলতায় নতুন করে ভোটের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরির বিধানসভা ভোটের গণনা ৪ মে শেষ হয় এবং তারপরই কমিশন সমস্ত কেন্দ্রের ফলাফল ঘোষণা করে।