এভারেস্টের প্যাকেটজাত জিরেগুঁড়ো নিয়ে বড় পদক্ষেপ করল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। পরীক্ষায় নির্ধারিত সীমার চেয়ে বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়ার পর এভারেস্ট ফুড প্রোডাক্টসকে সংশ্লিষ্ট জিরেগুঁড়োর ব্যাচ বাজার থেকে অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা।
প্যাকেটজাত জিরেগুঁড়ো নিয়ে বড়সড় সতর্কতা জারি করল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। এভারেস্ট ফুড প্রোডাক্টসের একটি নির্দিষ্ট ব্যাচের প্রি-প্যাকড জিরেগুঁড়োর নমুনায় অনুমোদিত মাত্রার চেয়ে বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছে। পরীক্ষার পর নমুনাটিকে ‘অনিরাপদ’ ঘোষণা করা হয়েছে। এরপরই সংশ্লিষ্ট ব্যাচটি বাজার থেকে অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। FSSAI-এর তরফে যে পণ্যটি নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটি হল এভারেস্টের প্রি-প্যাকড জিরেগুঁড়ো। সংশ্লিষ্ট পণ্যের ব্যাচ নম্বর E080668761। এই নির্দিষ্ট ব্যাচটিই বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, বাজারে থাকা এভারেস্টের সমস্ত জিরেগুঁড়ো প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়নি।
কী পাওয়া গিয়েছে পরীক্ষায়?
গোয়ার Riverside Resorts & Holiday Homes Pvt. Ltd. থেকে জিরেগুঁড়োর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। Food Analyst-এর পরীক্ষায় Azoxystrobin এবং Thiamethoxam নামে দুই কীটনাশকের অবশিষ্টাংশ নির্ধারিত সর্বোচ্চ সীমার চেয়ে বেশি পাওয়া যায়। এর পরেই খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬-এর আওতায় নমুনাটিকে ‘UNSAFE’ বা অনিরাপদ ঘোষণা করা হয়। প্রথম পরীক্ষার ফলাফলকে চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট খাদ্য ব্যবসায়িক সংস্থাকে। এরপর নমুনাটি Referral Food Laboratory-তে পাঠানো হয়। সেখানেও Azoxystrobin এবং Thiamethoxam-এর মাত্রা নির্ধারিত সীমার বেশি পাওয়া যায়। অর্থাৎ দ্বিতীয় পরীক্ষাতেও নমুনাটিকে অনিরাপদ বলে নিশ্চিত করা হয়।
এভারেস্টকে কী নির্দেশ FSSAI-এর?
FSSAI সংশ্লিষ্ট ব্যাচের সমস্ত পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। পাশাপাশি প্রত্যাহার করা পণ্যের সম্পূর্ণ রেকর্ড রাখতে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে রিকল সংক্রান্ত তথ্য ও স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
ক্রেতাদের কী জানা জরুরি?
যাদের কাছে এভারেস্টের প্যাকেটজাত জিরেগুঁড়ো রয়েছে, তাঁদের ক্ষেত্রে প্রথমে ব্যাচ নম্বর পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। FSSAI-এর নির্দেশটি নির্দিষ্টভাবে E080668761 ব্যাচের জন্য প্রযোজ্য। তাই শুধু ‘এভারেস্ট জিরেগুঁড়ো’ নাম দেখেই সমস্ত পণ্যকে অনিরাপদ ধরে নেওয়া ঠিক নয়।
