George Kurian Resigns: কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রবীণ বিজেপি নেতা জর্জ কুরিয়ান। রাজ্যসভার সদস্য হিসেবে তাঁর ছয় বছরের মেয়াদ শেষ হওয়ায় মন্ত্রিত্বও ছাড়তে হল তাঁকে।
George Kurian Resigns: কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রবীণ বিজেপি নেতা জর্জ কুরিয়ান। রাজ্যসভার সদস্য হিসেবে তাঁর ছয় বছরের মেয়াদ শেষ হওয়ায় মন্ত্রিত্বও ছাড়তে হল তাঁকে। বিজেপি তাঁকে পুনরায় রাজ্যসভায় মনোনয়ন না দেওয়ায় তাঁর কেন্দ্রীয় মন্ত্রিত্বের অধ্যায়ও আপাতত শেষ হল। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জর্জ কুরিয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সংবিধানের ৭৫ নম্বর অনুচ্ছেদের (২) ধারার অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপতি ভবনের তরফে আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করা হয়েছে।

জর্জ কুরিয়ানের কথা
৬৫ বছর বয়সী জর্জ কুরিয়ান কেরলের কোট্টায়মের বাসিন্দা। পেশায় আইনজীবী কুরিয়ান দীর্ঘদিন ধরেই বিজেপির কেরল রাজ্য ইউনিটের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত। তিনি একসময় বিজেপির কেরল শাখার সহ-সভাপতির দায়িত্বও সামলেছেন। রাজনীতির পাশাপাশি টেলিভিশন বিতর্কেও নিয়মিত অংশগ্রহণ করতেন কুরিয়ান। বিশেষ করে কেরলে বিজেপির প্রচারে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেরল সফরে গেলে তাঁদের ভাষণ মালয়ালম ভাষায় অনুবাদ করার দায়িত্ব বহুবার পালন করেছেন তিনি। এর ফলে স্থানীয় মানুষের কাছে বিজেপির বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কুরিয়ান।
বছর দুয়েক আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পান
২০২৪ সালে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। রাজনৈতিক মহলের মতে, কেরলে বিজেপির সংগঠন আরও শক্তিশালী করা এবং বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে দলের গ্রহণযোগ্যতা বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। দক্ষিণ ভারতে বিজেপির অন্যতম পরিচিত মুখ হিসেবে জর্জ কুরিয়ানের উপস্থিতি দলের রাজনৈতিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ ছিল।
রাজ্যসভার মেয়াদ শেষ
তাঁর রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মন্ত্রিত্বও শেষ হল। বিজেপি নেতৃত্ব তাঁকে পুনরায় উচ্চকক্ষে পাঠানোর সিদ্ধান্ত না নেওয়ায় সরকার থেকেও বিদায় নিতে হল তাঁকে। যদিও ভবিষ্যতে তাঁর রাজনৈতিক ভূমিকা কী হবে, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য সামনে আসেনি।


