Suicide: ছত্তিশগড়ে বায়ুসেনার উইং কমান্ডারের আত্মহত্যা! নেপথ্যে কি পারিবারিক অশান্তি?
ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানের সঙ্গে যুক্ত ভারতীয় বায়ুসেনার (IAF) এক অফিসার আত্মহত্যা করেছেন। বুধবার সকালে রায়পুরে নিজের বাড়িতেই তাঁর দেহ উদ্ধার হয়। ৩৯ বছর বয়সী ওই উইং কমান্ডারের নাম বিপুল যাদব। পুলিশ জানিয়েছে, বাড়ির পরিচারিকা প্রথম তাঁর দেহ দেখতে পান এবং তিনিই বাড়ির বাকিদের খবর দেন।
পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় বিপুল যাদবের ৯ বছরের ছেলে ও ৭ বছরের মেয়ে অন্য একটি ঘরে ঘুমোচ্ছিল। তাঁর স্ত্রী সেই সময় কর্মসূত্রে দিল্লিতে ছিলেন।
অ্যাডিশনাল পুলিশ কমিশনার রমাকান্ত সাহু জানিয়েছেন, ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও ফরেনসিক দল। তাঁরা ঘটনাস্থল খতিয়ে দেখেন। এরপর 'পঞ্চনামা' সেরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এসিপি সাহু জানান, ওই অফিসার ছত্তিশগড়ে মাওবাদী দমন সংক্রান্ত কাজেই নিযুক্ত ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই চরম সিদ্ধান্ত। জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। ব্যক্তিগত সমস্যার কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, বিপুল যাদবের স্ত্রী আগে বায়ুসেনায় চাকরি করতেন। বর্তমানে তিনি বেঙ্গালুরুতে একটি আইটি সংস্থায় কর্মরত। মৃত অফিসারের আসল বাড়ি আজমগড়ে।
তদন্তের স্বার্থে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, অফিসারের মোবাইল ফোনটি পুলিশি হেফাজতে নিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
