ডিলিমিটেশন বিলের বিরোধিতায় ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সমর্থন পেতে রবিবার চেন্নাই পৌঁছলেন মল্লিকার্জুন খাড়্গে, সোনিয়া এবং রাহুল গান্ধী-সহ ইন্ডিয়া জোটের অন্যান্য নেতারা।
প্রস্তাবিত ডিলিমিটেশন প্রক্রিয়ার বিষয়ে কথা বলতে রবিবার চেন্নাই পৌঁছলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোটের অন্যান্য নেতারা। সেখানে তাঁরা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করবেন।
এদিন সন্ধ্যার দিকে মুম্বইয়ে এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ারের সঙ্গেও তাঁদের দেখা করার কথা রয়েছে। এর আগে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনকে কেন্দ্রের প্রস্তাবিত ডিলিমিটেশন প্রক্রিয়ার বিরোধিতায় ইন্ডিয়া জোটের হাত শক্ত করার আহ্বান জানিয়েছিলেন রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, জাতীয় স্বার্থে এবং সংবিধান রক্ষায় সব দলকে "একসঙ্গে এই বিল রুখতে হবে"। রাহুল আগেই জানিয়েছিলেন যে ডিলিমিটেশনের বিরোধিতা করার অনুরোধ নিয়ে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা চেন্নাইয়ে স্ট্যালিনের সঙ্গে দেখা করবেন। লোকসভার আসন বাড়িয়ে ৮৫০ করার এই উদ্যোগ ভারতে "গণতন্ত্রের বিনাশ" ঘটাতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতা লিখেছিলেন, "থিরু এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করতে আমি এবং ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা চেন্নাই যাচ্ছি। ডিলিমিটেশন সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করার জন্য আমরা তাঁকে এবং তাঁর দল ডিএমকে-কে অনুরোধ করব।" কংগ্রেস নেতার আরও অভিযোগ, এই পদক্ষেপ ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) নিজেদের রাজনৈতিক স্বার্থ অনুযায়ী দেশের নির্বাচনী মানচিত্র নতুন করে তৈরি করার সুযোগ করে দেবে।
তিনি আরও লেখেন, “আসন সংখ্যা ৮৫০-এ নিয়ে গেলে ভারতে গণতন্ত্র শেষ হয়ে যাবে। এর ফলে বিজেপি-আরএসএস নিজেদের সুবিধামতো ভারতের পুরো নির্বাচনী মানচিত্র নতুন করে সাজানোর অফুরন্ত সুযোগ পাবে। তামিল-বিরোধী শক্তির বিরুদ্ধে ভাই স্ট্যালিন সবসময় পাহাড়ের মতো অটল থেকেছেন। জাতীয় স্বার্থে, তামিলনাড়ুর স্বার্থে এবং সংবিধান বাঁচাতে আমাদের সবাইকে মিলে এই বিল আটকাতেই হবে।”
রাহুলের এক্স পোস্টের জবাবে সংবিধান ও রাজ্যের অধিকার রক্ষায় ডিএমকে-এর ঐতিহাসিক ভূমিকার কথা স্বীকার করার জন্য তাঁকে ধন্যবাদ জানান স্ট্যালিন। তিনি স্পষ্ট করে দেন, তাঁর দল এই পথে "কোনও আপস করবে না"। সিদ্ধান্ত নেওয়ার সময় ডিএমকে সবসময় তামিলনাড়ু এবং তার মানুষের স্বার্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বলেও জানান তিনি।
৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনের আগেই এই বৈঠকগুলো হচ্ছে। এই অধিবেশনে কেন্দ্র ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংশোধিত বিল পেশ করতে চলেছে। প্রস্তাবিত আইনি প্যাকেজের মধ্যে রয়েছে সংবিধান (১৩২তম সংশোধনী) বিল, ২০২৬, ডিলিমিটেশন (দ্বিতীয়) বিল, ২০২৬ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পরিচালনার আইনে একটি সংশোধনী। এই প্রস্তাবগুলোতে লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার কথা বলা হয়েছে, যার মধ্যে রাজ্যগুলো থেকে সর্বোচ্চ ৮১৫ জন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে ৩৫ জন সদস্য থাকবেন।


