INDIA Bloc Protest: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের জোরদার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়া জোট। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের আন্দোলন জোরদার করতে চলেছে ইন্ডিয়া জোট।
INDIA Bloc Protest: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের আন্দোলন জোরদার করতে চলেছে ইন্ডিয়া জোট। ভোট চুরি নিয়ে সম্প্রতি একটি পডকাস্ট প্রকাশ করেছেন রাহুল গান্ধী। সেখানে তিনি স্পষ্ট বলেছেন, জ্ঞানেশ কুমারের উচিত অবিলম্বে পদত্যাগ করে রাজসাক্ষী হওয়া (INDIA Bloc Protest)। এদিকে, বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ নিয়ে ভারতের কাছে ক্ষোভ জানাতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওকে চিঠি দিয়েছেন ৬ জন মার্কিন কংগ্রেস সদস্য।
"পদত্যাগ করে রাজসাক্ষী হোন জ্ঞানেশ কুমার", পডকাস্টে সরব রাহুল
দশেরার জন্য আন্দোলনে কিছুটা বিরতি দেওয়া হয়েছে। তবে আগামী ২৫ তারিখের মধ্যে ফের রাস্তায় নামার পরিকল্পনা করছে ইন্ডিয়া জোট। আগামী শনিবারের মধ্যে সব সাংসদকে দিল্লিতে পৌঁছানোর নির্দেশ দেওয়া হবে। সম্প্রতি সুপ্রিম কোর্ট অভিযান যেভাবে হয়েছিল, ঠিক সেই মডেলেই এবার আরও বেশি জমায়েত করার টার্গেট নেওয়া হয়েছে। সাংসদদের পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে নেতা-কর্মীদেরও দিল্লিতে আনা হবে। আগামী ১ নভেম্বর রামলীলা ময়দানে একটি মহার্যালি হওয়ার কথা রয়েছে। তার আগেই আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে বিরোধী শিবির। এছাড়া, ২৭ তারিখ দিল্লিতে মানবশৃঙ্খল তৈরি করবে সিপিআই।
তার মধ্যেই পুলিশের লাঠিচার্জে আহত পড়ুয়া এবং যুব সংগঠনের নেতারা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আসন্ন সংসদ অধিবেশনে পুলিশি এই বর্বরতার বিষয়টি রাহুল গান্ধী তুলতে পারেন বলে খবর। পডকাস্টে রাহুল বলেছেন, ভোট চুরি করতে করতে এখন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোও চুরি হয়ে যাচ্ছে। তাই পদে থাকার কোনও নৈতিক অধিকার জ্ঞানেশ কুমারের নেই।
দিল্লিতে ফের বড় আন্দোলনের পথে ইন্ডিয়া জোট
ভারতের অভ্যন্তরীণ বিক্ষোভে অন্য দেশের নাক গলানো উচিত নয়— এটাই বরাবর কেন্দ্রের অবস্থান। কিন্তু তা সত্ত্বেও, পুলিশের ভূমিকা নিয়ে ভারতের কাছে সরাসরি অসন্তোষ প্রকাশের জন্য মার্কো রুবিওকে অনুরোধ করেছেন ৬ মার্কিন কংগ্রেস সদস্য। আগামী সপ্তাহেই ভারতে আসছেন মার্কো রুবিও। ওই চিঠিতে সই করা অন্যতম সদস্য প্রমীলা জয়পালের বিবৃতি গতকালই খারিজ করে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।







