Jatinga Bird Mystery: অসমের জাতিঙ্গা গ্রামে প্রতি বছর বর্ষার শেষে শত শত পাখি রহস্যজনকভাবে মাটিতে আছড়ে পড়ে প্রাণ হারায়। আপাতদৃষ্টিতে এটিকে পাখিদের আত্মহত্যা মনে হলেও, এর পেছনে রয়েছে এক রসহ্য।

Jatinga Bird Mystery: প্রকৃতির বুকে এমন অনেক ঘটনা ঘটে, যা মানুষের সাধারণ বুদ্ধি ও যুক্তির সীমানাকে ছাপিয়ে যায়। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অসমের এক শান্ত, ছবির মতো সুন্দর গ্রাম জাতিঙ্গা। সবুজ পাহাড়, আর মেঘের লুকোচুরিতে ভরা এই গ্রামটি বিশ্বজুড়ে পরিচিত এক ভয়াবহ ও অদ্ভুত রহস্যের কারণে—যা ‘পাখিদের গণ-আত্মহত্যার উপত্যকা’ নামে পরিচিত। প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে শত শত পাখি আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে এই গ্রামের মাটিতে আছড়ে পড়ে প্রাণ হারায়। আপাতদৃষ্টিতে এটিকে পাখিদের আত্মহত্যা মনে হলেও, এর পেছনে লুকিয়ে আছে ভৌগোলিক, বৈজ্ঞানিক ও মানবিক নানা বাস্তবতা।

স্থানটির সঠিক অবস্থান ও ভৌগোলিক পরিচয়

জাতিঙ্গা গ্রামটি ভারতের অসম রাজ্যের ডিমা হাসাও (পূর্বতন উত্তর কাছাড় পার্বত্য জেলা) জেলায় অবস্থিত। এটি রাজ্যের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং জেলা সদর হাফলং শহর থেকে মাত্র ৯ থেকে ১০ কিলোমিটার দূরে বরাইল পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি শৈলশিরা বা উপত্যকা অঞ্চল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০ মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রামের যে নির্দিষ্ট অংশে পাখিরা আছড়ে পড়ে, তার আয়তন খুব বেশি বড় নয়—প্রায় ১.৫ কিলোমিটার লম্বা এবং মাত্র ২০০ মিটার চওড়া একটি সরু জায়গা।

রহস্যময় ঘটনার বিবরণ

প্রতি বছর বর্ষার শেষ দিকে, অর্থাৎ আগস্টের শেষ থেকে নভেম্বর মাসের মধ্যে এই অদ্ভুত ঘটনাটি ঘটে। তবে এর জন্য কিছু বিশেষ প্রাকৃতিক শর্ত তৈরি হতে হয়। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত, আকাশে ঘন মেঘ বা কুয়াশা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং দক্ষিণ দিক থেকে বয়ে আসা তীব্র গতির বাতাস—এই পরিবেশ তৈরি হলেই সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ৩০ মিনিটের মধ্যে পাখিরা দিগ্ভ্রান্ত হয়ে গ্রামের আলোর উৎসের দিকে ছুটে আসে। টাইগার বিটার্ন, মাছরাঙা, বক, পানকৌড়ি, সবুজ পায়রা-সহ প্রায় ৪৪টি প্রজাতির স্থানীয় ও পরিযায়ী পাখি এভাবে এসে বাড়ির দেওয়াল, গাছ বা মাটিতে আছড়ে পড়ে।

স্থানীয়দের বিশ্বাস ও ইতিহাস

এই ঘটনার প্রথম লিখিত বিবরণ পাওয়া যায় ১৮৮৫ সালে, যখন একদল নাগা কৃষক রাতের বেলা ক্যাম্পফায়ারের আগুনে পাখিদের এভাবে ঝাঁপ দিতে দেখেছিলেন। সেই সময় জাতিঙ্গায় বসবাসকারী জেমি নাগা উপজাতির মানুষেরা বিশ্বাস করতেন, আকাশ থেকে উড়ে আসা এই পাখিরা আসলে কোনও অশুভ আত্মা বা অপদেবতা, যারা গ্রামবাসীকে ভয় দেখাতে এসেছে। এই আতঙ্কে ১৯০৫ সালে তারা গ্রাম ছেড়ে চলে যান। পরবর্তীতে জয়ন্তিয়া ও খাসিয়া জনগোষ্ঠীর মানুষেরা এখানে বসতি স্থাপন করেন। তাদের বিশ্বাস ছিল ভিন্ন; তারা মনে করতেন ঈশ্বর আকাশ থেকে তাদের জন্য এই পাখিগুলোকে উপহার বা আশীর্বাদ হিসেবে পাঠিয়েছেন। ফলে তারা মশাল বা সার্চলাইট জ্বালিয়ে পাখিদের আকৃষ্ট করতেন এবং বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে ধরে খাদ্য হিসেবে গ্রহণ করতেন।

বিজ্ঞানের ব্যাখ্যা ও গবেষণার তথ্য

১৯৫৭ সালে ব্রিটিশ চা-বাগান মালিক ও প্রকৃতিবিদ ই. পি. জি (E. P. Gee) প্রথম এই ঘটনাটি বিশ্বের নজরে আনেন এবং পরবর্তীতে ভারতের প্রখ্যাত পক্ষীবিশারদ ডঃ সেলিম আলী ও জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষক সুধীর সেনগুপ্ত এখানে গবেষণা চালান। অসমের বিশিষ্ট পক্ষীবিদ আনোয়ারউদ্দিন চৌধুরী তাঁর 'দ্য বার্ডস অফ আসাম' বইয়ে এই রহস্যের যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন। বিজ্ঞানীদের মতে, পাখিরা মোটেও আত্মহত্যা করে না। এর পেছনে কয়েকটি বৈজ্ঞানিক কারণ রয়েছে:

১. আবহাওয়া ও আলোর আকর্ষণ: বর্ষার শেষে তীব্র বাতাস ও ঘন কুয়াশার কারণে রাতের বেলা গাছের ডালে ঘুমন্ত পাখিরা (বিশেষত কমবয়সী পাখিরা) দিশেহারা হয়ে পড়ে। গভীর অন্ধকার ও কুয়াশার মধ্যে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রামের কৃত্রিম আলো বা সার্চলাইটের দিকে ছুটে আসে এবং আলোর তীব্রতায় অন্ধ হয়ে মাটিতে বা দেওয়ালে ধাক্কা খায়।

২. চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন: কিছু ভূতত্ত্ববিদ ও বিজ্ঞানীর মতে, জাতিঙ্গার মাটির নিচে থাকা জলস্তরের বিশেষ প্রবাহ এবং আবহাওয়ার পরিবর্তনের ফলে ওই নির্দিষ্ট অঞ্চলের ভূ-চৌম্বকীয় ক্ষেত্রে (Magnetic Field) সাময়িক বিচ্যুতি ঘটে। পাখিরা দিক নির্ণয়ের জন্য পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে; তাই এই বিচ্যুতির কারণে তাদের স্নায়ুতন্ত্র বিভ্রান্ত হয়ে পড়ে।

বর্তমানে বন দপ্তর, পরিবেশবাদী সংস্থা এবং স্থানীয় প্রশাসনের ব্যাপক সচেতনতামূলক প্রচারণার ফলে গ্রামবাসীদের মধ্যে কুসংস্কার দূর হয়েছে। এখন আর কেউ পাখি হত্যা করে না, বরং আহত পাখিদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। ফলে জাতিঙ্গা আজ ‘পাখিদের আত্মহত্যার স্থান’ তকমা ঝেড়ে ফেলে পাখি প্রেমী ও ইকো-ট্যুরিস্টদের জন্য এক নিরাপদ অভয়ারণ্যে পরিণত হচ্ছে।